‘চাওয়ার আগেই জানিয়ে দেবে গুগল সার্চ’
গুগলের প্রভাবশালী নারী কর্মকর্তা মারিসা মেয়ার। গুগলের লোকাল, ম্যাপস ও লোকেশন সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট মারিসা সম্প্রতি গুগলের সার্চের ভবিষ্যত্ ও গুগলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ব্লুমবার্গকে এক সাক্ষাত্কার দিয়েছেন। সাক্ষাত্কারে মারিসা বলেন, দুই দশক পরে গুগল সার্চ ইঞ্জিন কেবল আর সার্চেই সীমাবদ্ধ থাকবে না, তখন হয়তো কোনো বিষয় চাওয়ার আগেই গুগল তা সামনে হাজির করতে সক্ষম হবে। গুগলের সার্চ ইঞ্জিনের ভবিষ্যত্ নিয়ে মারিসা মেয়ার বলেছেন এ কথাগুলো। মারিসা মেয়ার বলেন, ‘আমার মনে হয় ২০ বছর পরে গুগল পৃথিবীকে এমন জায়গায় দাঁড় করাবে, যেখানে আমরা সার্চের ধরনটাই পাল্টে ফেলতে পারব; যা আগাম অনেক সার্চের ফলও জানিয়ে দিতে পারবে। যেমন নতুন শহরে গেলে কোন রেস্তোরাঁটা পছন্দ হবে তাঁর পূর্বাভাস আগেই দিতে পারবে গুগল। অচেনা ব্যক্তিকে একই বিষয় পছন্দের মাধ্যমে আরও কাছে এনে দিতে সক্ষম হবে গুগল। মারিসা আরও বলেন, গুগল সামাজিক দায়িত্ব পালন করছে। গুগল সার্চের মাধ্যমে অচেনা কাউকে তাদের একই পছন্দের কারণে অন্যের কাছে এনে দেবার চেষ্টা করছি।চালকবিহীন গাড়ি বিষয়ে মারিসা মেয়ারের বলেন, গুগলের চালকবিহীন গাড়ির মাধ্যমে ভবিষ্যতে গুগলের পরিকল্পনার একটা আভাস পাওয়া যায়। গুগল চালকবিহীন গাড়ি কেন ব্যবহার করছে এ বিষয়টি অনেকের কাছেই ধাঁধার মতো। তবে সত্যিটা হচ্ছে তথ্য সংগ্রহের বিষয়টি। হাজারো বিষয় থেকে প্রয়োজনীয় তথ্যটি বের করে নিতে গাড়ির প্রয়োজন পড়ে। আর গাড়ির ক্ষেত্রে সব সমস্যার সমাধান মিলে যায় সার্চ সমস্যার সমাধান হলেই। আর সে সার্চটাকে উন্নত করার কাজ করছে গুগলের চালকবিহীন গাড়ি।এর আগে ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাত্কারে গুগলের সাবেক প্রধান নির্বাহী এরিক স্মিড বলেছিলেন, ব্যবহারকারীর অতীত আচরণের ওপর বর্তমানে তাঁর প্রয়োজনীয় কী হতে পারে এমন ধরনের পণ্যের জন্য গুগল কাজ করছে। তাঁর মতে, ‘গুগলের কাছ থেকে মানুষ কোনো প্রশ্নের উত্তর আর আশা করে না। তাঁরা চায় পরবর্তীতে কি করতে হবে গুগল যেন সে বিষয়ে নির্দেশনা দেয়।’ এ প্রসঙ্গে মারিসা বলেন, গুগল ভবিষ্যতে সার্চ আরও উন্নয়ন করবে। পাশাপাশি গুগলের ভবিষ্যতের কোনো পণ্যে যাতে প্রাইভেসি নষ্ট না হয় এবং প্রতিটি পণ্যের সুফল যেন মানুষ পেতে পারে গুগল সে বিষয়টি নিয়েও কাজ করবে।গুগলের নতুন সিইও ল্যারি পেজ সম্পর্কে মেয়ার বলেন, গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ২০১১ সাল থেকে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেবার পর থেকে গুগলে পরিবর্তন এসেছে। গুগল তাদের পণ্য তৈরির দিকে মনোযোগী হয়েছে। কীভাবে গুগল পণ্যের ব্যবহারকারী খুশি হবেন তা নিয়েই গুগলের কর্মীরা কাজ করে যাচ্ছেন। ব্যবহারকারী ও পণ্যের বিষয়েই বেশি নজর রয়েছে ল্যারির, আর এটা এখন সবাই বুঝে গেছেন। একজন প্রধান নির্বাহী হিসেবে পণ্য ব্যবহারকারীর চাহিদা মত পণ্য তৈরির দায়িত্ব কাঁধে এগিয়ে চলেছেন ল্যারি।