'জবস'ছবির ট্রেলার উন্মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে নিয়ে নির্মিত ‘জবস’ চলচ্চিত্রটির প্রথম ট্রেলারটি ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে। ১৬ আগস্ট এ চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে উন্মুক্ত করবে ফিল্ম স্টুডিও ওপেন রোড। এক খবরে এ তথ্য জানিয়েছে হাফিংটন পোস্ট। প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের আত্মজীবনীমূলক চলচ্চিত্র ‘জবস’ মুক্তি পাওয়ার কথা ছিল এ বছরের ১৯ এপ্রিল। অ্যাপল কম্পিউটারের যাত্রার ৩৭ বছর পূর্তি উপলক্ষে ছবিটির মুক্তির দিন ধার্য করা হয়েছিল। কিন্তু ছবিটির প্রচারণায় আরও সময় দেওয়ার জন্য এর মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। প্রচারণার অংশ হিসেবে ছবির প্রথম ট্রেলার উন্মুক্ত করা হয়েছে।  

‘জবস’এর কাহিনি

চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে গত শতকের সত্তরের দশকের তরুণ স্টিভ জবসকে। আচারে-স্বভাবে স্বেচ্ছাচারী, হিপ্পি যুবক স্টিভ একসময় থিতু হন৷ তাঁর ব্যবসার অংশীদার স্টিভ ওজনিয়াককে সঙ্গে নিয়ে পারিবারিক গ্যারেজে ১৯৭৬ সালে গড়ে তোলেন ‘অ্যাপল’ কোম্পানি৷ কিন্তু একসময় নিজের প্রতিষ্ঠান থেকে ছাঁটাই হন স্টিভ।  তবে ৯০-এর দশকে আবার প্রতিষ্ঠানে ফিরে আসেন তিনি। এর মধ্যে তাঁর জীবনে প্রেম আসে। তবে ৯০ দশকের পর যে প্রভাবশালী ও সফল অ্যাপলকে গড়ে তুলেছিলেন বাস্তবের স্টিভ জবস চলচ্চিত্রে সে কাহিনি তুলে ধরা হয়নি।

ছবিটির কিছু অংশের শুটিং হয়েছে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত জবসের পারিবারিক বাড়ির গ্যারেজে। এখানেই প্রথম অ্যাপল স্টোর খুলেছিলেন তিনি।

কলেজ থেকে লেখাপড়া ছেড়ে বন্ধু স্টিভ ওজনিয়াককে নিয়ে জবস পরবর্তী সময়ে বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা ও ভবিষ্যত্-দ্রষ্টা উদ্ভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আইপড, আইফোন, আইপ্যাডসহ নানা ধরনের জনপ্রিয় প্রযুক্তিপণ্য এসেছে তাঁর উদ্ভাবনী ভাবনার কারণেই। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১১ সালের পাঁচ অক্টোবর মাত্র ৫৬ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান ভবিষ্যত্-দ্রষ্টা।

<iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/yMSsf9szC2o" frameborder="0" allowfullscreen></iframe>