‘জ্বালো প্রযুক্তির আলো’ স্লোগানে ল্যাপটপ মেলা শুরু
‘জ্বালো প্রযুক্তির আলো’ স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা। ‘কিউবি সামার ল্যাপটপ ফেয়ার ২০১১’ নামের এ মেলা ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলবে ১২ জুন পর্যন্ত।ফেসবুকের মাধ্যমে মেলার বিভিন্ন ছাড় ও অন্যান্য হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে। এ জন্য www.facebook.com/laptopfair ঠিকানায় গিয়ে পেইজ লাইক করতে হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা।আজ সকাল ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে প্রযুক্তির মাধ্যমেই জীবনযাত্রার মান পরিবর্তন হবে। নতুন দুই কোটি মানুষের মোবাইল ফোন ব্যবহার তারই প্রমাণ। সরকারের পক্ষ থেকে প্রযুক্তিকে জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।’ তিনি ঢাকার বাইরেও এমন মেলার করার আহ্বান জানান।উদ্বোধনী অনুষ্ঠানে কিউবির প্রধান বিপণন কর্মকর্তা নেহাল আহমেদ বলেন, ‘বাংলাদেশের তথ্যপ্রযুক্তির উন্নয়ন এবং ইন্টারনেটকে সর্বত্র আরও সহজলভ্য করতে আমরা অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছি।’মেলার সমন্বয়ক ফাবিয়ান খান জানান, এবার মেলায় প্রতিটি প্রতিষ্ঠানের ল্যাপটপেই বিশেষ মূল্যছাড় এবং উপহার রয়েছে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৫টি স্টল এবং ১৩টি প্যাভিলিয়ন রয়েছে। মেলার আয়োজক মেকার কমিউনিকেশন জানায়, মেলায় কিউবি, এইচপি, স্যামসাং, কম্পিউটার সোর্স, কুইকহেল, স্মার্ট টেকনোলজিস (বিডি) লি., গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লি., স্টারটেক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ভিলেজ, এক্সিকিউটিভ টেকনোলজিস, রিশিত কম্পিউটার্স, কম্পিউটার ভ্যালি, আইওএম, এক্সেল টেকনোলজিস, খান জাহান আলী কম্পিউটারসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।এসব প্রতিষ্ঠানের স্টলে বিশেষ মূল্য ছাড়ে আসুস, তোশিবা, এইচপি, গেটওয়ে, স্যামসাং, লেনোভো, হায়ার, ডেল, ফুজিত্সু, প্রোলিংক, অ্যাপল, এসার, এমএসআই, সনি, কমপ্যাক, গিগাবাইটসহ বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাবে। পাশাপাশি বিভিন্ন ল্যাপটপ কিনলে ছাড়, উপহার ও র্যাফল ড্রর কুপন পাওয়া যাবে।মেলার দ্বিতীয় দিন শনিবার বেলা তিনটায় মেলা প্রাঙ্গণে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আউটসোর্সিংয়ের ওপর একটি সেমিনারের আয়োজন করবে। এতে যে কেউ অংশ নিতে পারবে।মেলার প্রধান পৃষ্ঠপোষক তারহীন দ্রুতগতির ওয়াইম্যাক্স ইন্টারনেট সংযোগদাতা কিউবি। সহ-পৃষ্ঠপোষক হিসেবে থাকছে এইচপি, আসুস, এসার ও স্যামসাং। মেলার রেডিও পার্টনার এবিসি রেডিও, নলেজ পার্টনার এডুমেকার এবং ওয়েব পার্টনার হিসেবে থাকছে বিডিজবস।