'ডিজিটাল খিচুড়ি' জিতে নিল ইকারাস
বাংলাদেশি তরুণ যাঁরা আধুনিক বিশ্ব সংস্কৃতিতে তাঁদের পরিচয়ের প্রতিফলন চান, ‘ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ’ তাঁদের জন্য একটি নতুন মাধ্যম এবং ডিজিটাল প্রতিযোগিতা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ।
এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ‘ইকারাস’ দল। পুরস্কার হিসেবে তারা পেয়েছে ৭ হাজার ডলার। দ্বিতীয় স্থানে আছে রম্বস দল। তারা পুরস্কার হিসেবে পেয়েছে ৫ হাজার ডলার এবং তৃতীয় অবস্থানে থাকা ‘নেমলেস’ দলকে আড়াই হাজার ডলার দেওয়া হয়।
ডিজিটাল খিচুড়ি মূলত তথ্যপ্রযুক্তি, বিশেষ করে এই সময়ের ইন্টারনেট ও স্মার্টফোনভিত্তিক উদ্যোগের ধারণা দেওয়ার প্রতিযোগিতা। বিজয়ী ইকারাস দলের ধারণা ছিল ‘অনিমিখ’। ডিজিটাল বিশ্বে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে তরুণেরা নিজেদের পরিচয়ের প্রতিফলন ঘটাবেন এতে।
‘ইটস ওকে’ উপস্থাপন করে রম্বস দল। মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করবে তারা।
সহানুভূতি এবং সংহতির মাধ্যমে বাংলাদেশি তরুণদের মধ্যে উদাসীনতা দূর করার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম পরিকল্পনা করে তৃতীয় স্থান অর্জন করে নেমলেস দলের ধারণা ‘বাংলাওয়াশ’।
পুরস্কার বিতরণের সময় জুনাইদ আহ্মেদ রাজধানীর জনতা টাওয়ার হাইটেক পার্কে বিজয়ীদের অফিস করার জায়গা বরাদ্দের আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেসবুকের ভারত, দক্ষিণ ও মধ্য এশিয়ার পাবলিক পলিসি পরিচালক আঁখি দাশ। গুগল, অ্যাফিনিসল্যাবস, আল-জাজিরার সামাজিক মিডিয়া নেটওয়ার্কের সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সহপৃষ্ঠপোষক ছিল ফেসবুক ও ইউএনডিপি।