‘ডেসটিনি’র বিস্তারিত তথ্য ফাঁস!
জনপ্রিয় ভিডিও গেম ‘হ্যালো’-এর নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান বাঞ্জি সম্প্রতি নতুন একটি গেম তৈরি করছে বলে খবর ফাঁস হয়েছে। গেমটির প্রকাশক প্রতিষ্ঠান অ্যাক্টিভিশনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও এ গেমটির বিস্তারিত তথ্য অনলাইনে প্রকাশিত হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।গেমভিত্তিক ওয়েবসাইট আইজিএনের এক প্রতিবেদন অনুসারে, বাঞ্জির নতুন ভিডিও গেমটির নাম হবে ‘ডেসটিনি’। চলতি বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতেই এই গেমটি বাজারে আসতে পারে। মাইক্রোসফটের বর্তমান গেম কনসোল এক্সবক্স৩৬০, পরবর্তী সংস্করণের এক্সবক্স ৭২০ ও প্লেস্টেশন ৪-এর জন্যও এই গেমটি উপযোগী হবে। বাঞ্জি কর্তৃপক্ষ এ গেমটির তথ্য ফাঁস হওয়ার তথ্য স্বীকার করেছে। তথ্য অনুযায়ী ‘ডেসটিনি’ হবে বৈজ্ঞানিক কল্পকাহিনি নির্ভর ভিডিও গেম। ‘স্টার ওয়ার্স’ গেমের মত ‘ডেসটিনি’ গেমের ক্ষেত্রেও এ মহাবিশ্ব নিয়ে খেলার সুযোগ পাবেন গেমার। গেমটির কাহিনি গড়ে উঠবে ৭০০ বছর পরের পৃথিবীকে কেন্দ্র করে। পৃথিবীর একমাত্র শহরকে রক্ষা ও সূর্যে মানুষের বসতি স্থাপনের জন্য গেমারকে ভিনগ্রহের বিভিন্ন প্রাণীর সঙ্গে লড়তে হবে। ফাঁস হওয়া তথ্যে আরও জানা গেছে, ডেসটিনি গেমটি হবে মাল্টিপ্লেয়ার গেম। গেমটির জন্য আলাদা ফ্রেঞ্চাইজি খুলবে অ্যাক্টিভিশন। এই ফ্রেঞ্চাইজি থেকে প্রতিবছর ডেসটিনি গেমটির নতুন সংস্করণ প্রকাশিত হবে। ডেসটিনি গেমটির ধরন হবে সাই-ফাই, অ্যাকশন ও শ্যুটার গেম।