'ঢাকা' ভালো নয়, হু টোল্ড ইউ?

মুখ ঢাকা
বিয়ের আসরে বরকে দেখুন! কী সুন্দর রুমাল দিয়ে মুখ ঢেকে রাখেন। মুখে কোনো রা নেই, একদম লক্ষ্মী ছেলে। বাকি জীবনটাও এভাবে মুখ ঢেকে রাখতে পারলে, বাড়িতে শান্তি নামে কেউ না থাকলেও সংসারে শান্তি থাকবে।

ঢাকা খাবার
খাবার ঢেকে রাখা, কত ভালো একটা কাজ! স্বাস্থ্যসচেতন মানুষমাত্রই খাবার ঢেকে রাখেন। বিশ্বাস না হলে বাইরের না-ঢাকা খাবার কয়েক দিন খেয়ে দেখুন, আপনার ঘন ঘন ছোট ঘরে যাওয়ার খবরটা কিছুতেই ঢেকে রাখতে পারবেন না।
নিরাপত্তার চাদরে ঢাকা
আমরা প্রায়ই পত্রিকায় দেখি, অমুক স্থান নিরাপত্তার চাদরে ঢাকা। আকস্মিক আক্রমণ থেকে রক্ষা পেতে এটি অবশ্যই ভালো। তাই বলে চাদরের দোকানে গিয়ে যদি বলেন, ‘আমাকে একটি নিরাপত্তার চাদর দিন তো’, ফলাফল আপনার জন্য ভালো না-ও হতে পারে।

শাক দিয়ে মাছ ঢাকা
শাক দিয়ে মাছ ঢাকা শুধু ভালোই নয়, এটি একটি শিল্প! আমাদের মন্ত্রী-আমলাদেরই দেখুন। আবোলতাবোল কথার শাক দিয়ে তারা কত বড় বড় দুর্নীতির মাছ ঢেকে ফেলেন!
ঢাকা ম্যানহোল
ম্যানহোল হলো ব্ল্যাকহোলের একটি খুদে সংস্করণ। বিশ্বাস হলো না? একদিন ঝপাৎ করে ভেতরে পড়ে গেলেই দেখবেন, আপাদমস্তক কেমন ‘ব্ল্যাক’ হয়ে যায়! অতএব, ঢাকা ম্যানহোল অত্যন্ত ভালো।