'তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাওয়া বাংলাদেশ থেকেই শিখতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২১ সালে বাংলাদেশে উইটসা সম্মেলন আয়োজনে সমঝোতা স্বাক্ষর সই করার পর উইটসা, অ্যাসোসিও, বেসিস, বিসিএস,  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা। ছবি: বিসিএসের সৌজন্যে
২০২১ সালে বাংলাদেশে উইটসা সম্মেলন আয়োজনে সমঝোতা স্বাক্ষর সই করার পর উইটসা, অ্যাসোসিও, বেসিস, বিসিএস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা। ছবি: বিসিএসের সৌজন্যে

বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়নের প্রশংসা করেছেন দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্সের (উইটসা) প্রেসিডেন্ট ইভোনে চিউ। তিনি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ আমাদের জন্য একটি রোল মডেল। যুব সমাজকে দিয়ে তথ্যপ্রযুক্তির উন্নয়নে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা প্রশংসনীয়। বাংলাদেশ থেকেই শিখতে হবে কিভাবে তথ্যপ্রযুক্তিতে দ্রুত অগ্রসর হওয়া যায়। উইটসার প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের আইসিটি সেক্টরের অগ্রসরে আমি আনন্দিত।

শনিবার সকালে আগারগাঁওয়ের তথ্য প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে উইটসা, এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। ২০২১ সালে তথ্যপ্রযুক্তির ২৫ তম বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআইটি) ’ বাংলাদেশে আয়োজন নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ, উইটসার প্রেসিডেন্ট ইভোনে চিউ, অ্যাসোসিওর চেয়ারম্যান বুনরাক সারাগানান্দা, অ্যাসোসিওর চেয়ারম্যান ডেভিড ওয়াং, উইটসার পরিচালক মো. সবুর খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি আলী আশফাক, বেসিস সভাপতি মোস্তাফা জব্বারসহ অ্যাসোসিও ও বিসিএসের কর্মকর্তারা।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘উইটসা ২০২১ ঢাকা’ সফল করতে উইটসায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির সঙ্গে যৌথভাবে কাজ করা হবে।

বেসিস সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘২০২১ সালে বিশ্ব আইটি সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে, এটি আমাদের সকলের জন্য আনন্দ ও গর্বের বিষয়।’

বিসিএস সভাপতি আলী আশফাক বলেন, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উইটসার এই বিশ্ব সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে দেশি ও বিদেশি বিভিন্ন সংগঠনের আন্তরিক সহযোগিতা দরকার। ২০২১ সালের সম্মেলন সফল করতে ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু হয়েছে। ২০১৯ সালে আঞ্চলিক সম্মেলন অ্যাসোসিও আইসিটি সামিটও বাংলাদেশে করা হবে।

উল্লেখ্য, ২০২১ সালে বাংলাদেশে ২৫ তম উইটসা সম্মেলন করার উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার সমিতিকে সঙ্গে নিয়ে তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ বিভাগ এবং উইটসার মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ ও উইটসার প্রেসিডেন্ট ইভোনে চিউ স্বাক্ষর করেন।

সমঝোতা চুক্তি অনুসারে, আয়োজক দেশ হিসেবে রাজধানী ঢাকায় সম্মেলন সফল করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সব ধরনের সহযোগিতা করবে উইটসাকে। সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ, আইটি নির্ভর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট গড়ে তুলতে এবং ই-কমার্সকে সহজতর করতে কাজ করবে উইটসা। এ ছাড়া উইটসা আন্তর্জাতিকভাবে সম্মেলনকে সফল করতে প্রচারসহ ব্যবসা সম্প্রসারণ ও যোগাযোগ স্থাপনে প্রত্যক্ষ সহযোগিতা দেবে। বিজ্ঞপ্তি।