‘তথ্যপ্রযুক্তির আলোয় বেড়ে উঠুক আমাদের সন্তানেরা’
‘আমাদের তথ্যপ্রযুক্তির আলোয় আলোকিত করতে প্রথম আলো ও গ্রামীণফোন যে সুযোগ এনে দিয়েছে তা অভাবনীয়। আমরা চাই, আমাদের সন্তানেরা তথ্যপ্রযুক্তির আলোয় বেড়ে উঠুক।’ কথাগুলো বাগেরহাটের মংলার সেন্ট পলস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্টিন মণ্ডলের।গতকাল শুক্রবার ওই বিদ্যালয়ে অনুষ্ঠিত গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে মার্টিন মণ্ডল এ কথা বলেন। এ ছাড়া গতকাল বান্দরবানে ইন্টারনেট উৎসব হয়েছে।উৎসবের ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গ্রামীণফোনের পক্ষ থেকে সংযোগসহ একটি করে ইন্টারনেট মডেম দেওয়া হয়।আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের হাতে ক্রেস্ট তুলে দেন উৎসবে আমন্ত্রিত অতিথিরা।উৎসবগুলোতে প্রথম আলো, গ্রামীণফোন ও বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচেতনতামূলক তিনটি ভিডিওচিত্র দেখানো হয়।মংলা: মংলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট পলস মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইন্টারনেট উৎসবে অংশ নেয় উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী।সকাল ১০টায় সেন্ট পলস মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ধর্মযাজক মারিনো রিগন পতাকা উত্তোলনের মাধ্যমে ইন্টারনেট উৎসবের উদ্বোধন করেন। এ সময় স্কুলের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে। এরপর জ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার শপথবাক্য পাঠ করান স্কুলের প্রধান শিক্ষক মার্টিন মণ্ডল।অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে মারিনো রিগন বলেন, ‘আমরা বর্তমান প্রজন্মকে ইন্টারনেটের মাধ্যমে আরও এগিয়ে নিতে চাই।’গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক শেখ তৌহিদুর রহমান বলেন, ‘বর্তমান বিশ্বের সঙ্গে তাল মেলাতে হলে অবশ্যই ইন্টারনেট ব্যবহার করা শিখতে হবে।’বন্ধুসভার কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ জুবায়ের কবিরের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মংলা প্রতিনিধি সুমেল সারাফাত।মংলার উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় মংলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র পরাগ বিশ্বাস।বান্দরবান: বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ইন্টারনেট উৎসবে জেলা শহরের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।সকাল ১০টায় উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ বোধিরঞ্জন বড়ুয়া ও ভেন্যু বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানরঞ্জন চাকমা।অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ বোধিরঞ্জন বড়ুয়া, ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠান বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানরঞ্জন চাকমা, প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা ও গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক জহির রায়হান। উৎসবে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান বন্ধুসভার বিবর্ধন রায় ইমন।অধ্যক্ষ বোধিরঞ্জন বড়ুয়া তাঁর বক্তব্যে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তথ্যপ্রযুক্তির পাঠদান এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।’ প্রধান শিক্ষক জ্ঞানরঞ্জন চাকমা বলেন, ‘আমাদের নতুন প্রজন্মকে বিশ্বগ্রামের বাসিন্দা হিসেবে তৈরি করে নিতে হবে।’বান্দরবানের উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র দীপ সরকার।