'তৃণমূলের তথ্যজানালা' বগুড়ায় প্রশিক্ষক-প্রশিক্ষণ কর্মশালা
১২ জুন সকালে বগুড়ায় জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) মিলনায়তনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের ‘তৃণমূলের তথ্যজানালা’ কর্মসূচির আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) সুশান্ত কুমার সাহা।
আয়োজকেরা জানান, বগুড়ায় অনুষ্ঠিত এই কর্মশালায় রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি জেলা থেকে ২ জন করে মোট ৩২ জনকে মাস্টার ট্রেইনার হিসেবে গড়ে তোলা হচ্ছে। এসব মাস্টার ট্রেইনার পরবর্তীতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের প্রতিবেদন, ফিচার লিখন, আউটসোর্সিং ও ই-কমার্স পরিচালনার প্রশিক্ষণ দিবে। নেকটারের পরিচালক এস এম ফেরদৌস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও মিডিয়া বিভাগের চেয়ারম্যান শফিউল আলম ভূঁইয়া, আইসিটি বিভাগের এলআইসিটি প্রকল্পের যোগাযোগ বিশেষজ্ঞ অজিত কুমার সরকার, তথ্যসেবা বার্তা সংস্থার নির্বাহী সম্পাদক অলিউর রহমানসহ অনেকে।
আনোয়ার পারভেজ