‘ধূলি দানব’ রহস্যভেদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গল গ্রহে সহসা বিশাল আকারের টর্নেডো বা ধূলির ঝড় ওঠে। একে ‘ডাস্ট ডেভিল’ বা ‘ধূলি দানব’ বলা হয়। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষেকদের পাঠানো মঙ্গল যান ‘কিউরিওসিটি’ এ ধূলি দানবের অস্তিত্ব টের পেয়েছে। তবে, এ ধূলি দানবের কোনো ছবি তুলতে পারেনি। কিউরিওসিটির বর্তমান অবস্থান গেইল কার্টারেও এ ধূলি দানবের অস্তিত্ব রয়েছে বলে ঘোষণা দিয়েছেন নাসার গবেষকেরা। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়।নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির গবেষক ম্যানুয়েল ডে লা টোর ‘ডাস্ট ডেভিল’ প্রসঙ্গে জানিয়েছেন, মঙ্গল গ্রহের বসন্ত ও গ্রীষ্মকালে এক ধরনের ঘূর্ণিঝড় তৈরি হয়। মঙ্গলের ঘূর্ণি পৃথিবীর ঘূর্ণির চেয়ে আলাদা। মঙ্গলের ঘূর্ণিতে টর্নেডোর মতো ধুলার চক্র পাক খেতে খেতে ঘুরে বেড়ায়। একে ‘ডাস্ট ডেভিল’ বা ‘ধূলি দানব’ বলে। এ ধূলিঝড় বড় হতে হতে বিশাল আকারের ধুলার ঘূর্ণির সৃষ্টি করে, যা মঙ্গলজুড়ে চলতে থাকে।’গবেষকেরা আশা করছিলেন, মঙ্গলের এ ঘূর্ণির রহস্যভেদ করতে পারলে মঙ্গলের আবহাওয়া ও গঠন সম্পর্কে অনেক তথ্য জানা যাবে। কিউরিওসিটির ওয়েদার স্টেশনের সাহায্যে এ ডাস্ট ডেভিলের তথ্য পাওয়ার আশা করছিলেন তাঁরা। এই ডাস্ট ডেভিলগুলো কীভাবে তৈরি হয় এবং কীভাবে শক্তি সংগ্রহ করে, সে বিষয়টি পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন তাঁরা। কিউরিওসিটির বিশেষ মাস্তুল বা মাথার ওপর বসানো অ্যান্টেনা ক্যামেরা ও কেমিক্যাল লেজারের সাহায্যে বাতাসের দিক, গতি, বাতাসের তাপমাত্রা, আর্দ্রতা ও ভূপৃষ্ঠের তাপমাত্রা নির্ণয় করার সুবিধা রয়েছে। কিউরিওসিটির সঙ্গে বিশেষভাবে যুক্ত রয়েছে বায়ুর চাপ মাপার যন্ত্র ও আলট্রাভায়োলেট সেন্সর, যা ছয়টি আলাদা তরঙ্গ দৈর্ঘ্য শনাক্ত করতে পারে।গবেষকেরা জানিয়েছেন, ধূলি দানবের ছবি তুলতে ব্যর্থ হলেও কিউরিওসিটির ওয়েদার স্টেশন ধূলি দানবের পাঁচটি বৈশিষ্ট্য শনাক্ত করতে পেরেছে। এ ধূলি দানবের সঙ্গে যুক্ত রয়েছে বাতাসের চাপ, দিক, গতি, তাপমাত্রা ও অতিবেগুনি রশ্মির মতো বিষয়গুলো।গবেষক ডে লা টোর জানিয়েছেন, ধূলি দানব তৈরির পেছনে রয়েছে সূর্যের তাপ। সূর্যের তাপে বাতাস গরম ও হালকা হয়ে ধূলিসমেত ওপরের দিকে উঠে ঘূর্ণি তৈরি করে। ধূলি দানব যে ধুলার ঝড় তৈরি করে, তা মঙ্গলের পরিবেশকে উষ্ণ রাখে।