'নতুন অভিযানের আনন্দ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন পাইলট হিসেবে। সেটা হয়নি। কিন্তু যুক্তরাষ্ট্রপ্রবাসী ঢাকার মেয়ে লুলু ফেরদৌস এখন মঙ্গল অভিযানে শামিল হওয়ার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে। নাসায় কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন সাহসী এই নারী আমাদের সাক্ষাৎকার-প্রশ্নের জবাব দিয়েছেন ই-মেইলে

সম্ভাব্য মঙ্গলযাত্রীদের তালিকায় আছেন বাংলাদেশের লুলু ফেরদৌস
সম্ভাব্য মঙ্গলযাত্রীদের তালিকায় আছেন বাংলাদেশের লুলু ফেরদৌস

মঙ্গল গ্রহে বসতি স্থাপনের প্রকল্পটি (মার্স ওয়ান) কবে থেকে শুরু হয়? আপনি কীভাবে এতে অংশ নিলেন?
২০১৩ সালের এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত সারা বিশ্বে আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ খোলা হয়। আমি আবেদন করেছিলাম। দুই লাখের ওপর আবেদনপত্র জমা পড়ে। সেখান থেকে দ্বিতীয় ধাপে এক হাজার ৫৮ জনকে দ্বিতীয় রাউন্ডের জন্য নির্বাচন করা হয়েছে। তারপর তৃতীয় ও চতুর্থ রাউন্ডের শেষে সর্বমোট চারজন (দুজন নারী ও দুজন পুরুষ) মহাকাশচারীকে মঙ্গল গ্রহে পাঠানো হবে।
মঙ্গল গ্রহের জীবন আপনার কল্পনায় কেমন দেখতে পান?
প্রথম কথা, পৃথিবীর জীবন থেকে সম্পূর্ণ আলাদা, যেখানে সম্পূর্ণ নতুন করে মানবসভ্যতা শুরু হবে। সেখানে বৈশাখী ঝড় হবে না, কৃষ্ণচূড়ার লাল রং চেয়ে থাকবে না। আমের মুকুলের সুবাস পাওয়া যাবে না। চারদিকে থাকবে জনমানবহীন, রুক্ষ, শুষ্ক ও প্রতিকূল পরিবেশ। মার্স ওয়ান প্রথম চারজন মহাকাশচারীর সঙ্গে দরকারি রসদ, ওষুধ, খাবার ও যোগাযোগ করার যন্ত্রপাতি পাঠাবে। প্রথমে বেশ কিছু বছর মহাকাশচারীরা স্পেস ক্যাপসুলে থাকবে এবং ‘লাইভ ভিডিও ফিড’-এর সাহায্যে পৃথিবীর সঙ্গে যোগাযোগ করবে। সেটি হবে বেঁচে থাকার সম্পূর্ণ অন্য রকম অভিজ্ঞতা।
নাসায় কাজ করার সুযোগ পেলেন কীভাবে? নাসায় আপনার কাজগুলো মূলত কী ধরনের?
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার সময় আমি এখানকার একটা বিমানবন্দরে ‘অপারেশনস ইন্টার্ন’ হিসেবে কাজ করেছি। জিইসিএএসে (জেনারেল ইলেকট্রনিক ক্যাপিট্যাল এভিয়েশন সার্ভিস) ইন্টার্নশিপ করেছি। ডিগ্রি পাওয়ার পরে আমি নাসা নেব্রাস্কাতে কাজ শুরু করি। আমার কাজ ছিল ইপিএসসিওআর (এক্সপেরিমেন্টাল প্রোগ্রাম টু স্টিমুলেট কমপিটিটিভ রিসার্চ) বিভাগে। 

ওড়াউড়ির শখটা আপনার মনে হচ্ছে অনেক পুরোনো।
আমি চার বছর উইমেন ইন এভিয়েশন ইউএনও চ্যাপ্টারের প্রেসিডেন্ট ছিলাম। তা ছাড়া ছাত্রী অবস্থাতেই আমি বেশ কিছু উড্ডয়ন সংস্থার সদস্য ছিলাম। এর মধ্যে আছে, কলেজিয়েট এভিয়েশন ইন্ডাস্ট্রি প্রফেশনালস, আমেরিকান অ্যাসোসিয়েশন অব এয়ারপোর্ট এক্সিকিউটিভস, অর্গানাইজেশন অব উইম্যান পাইলটস, নেব্রাস্কা বিজনেস এভিয়েশন অ্যাসোসিয়েশন ইত্যাদি।

আপনার বেড়ে ওঠা কি ঢাকাতেই?
আমার জন্ম ঢাকায়। আমার মা অধ্যাপক। বাবা অবসরপ্রাপ্ত ভূতত্ত্ববিদ। আমার ছোট ভাই পর্যবেক্ষক হিসেবে কাজ করছে। আমি এখানে আসার আগে ঢাকার কিছু বেসরকারি সংস্থায় কাজ করেছি। একটি প্রাইভেট স্কুলের সহকারী ভাইস প্রিন্সিপাল হিসেবেও কাজ করেছি কিছুদিন।

আপনি পাইলট হতে চেয়েছিলেন। সেটা কেন সফল হলো না?
২০০০ সালে আমি বাংলাদেশ বিমানবাহিনীতে জিডি পাইলট হিসেবে যোগ দেওয়ার জন্য আবেদন করতে চেয়েছিলাম। কিন্তু সে সময়ে মেয়েদের যোগ দেওয়ার সুযোগ এই বিভাগে ছিল না। তার পরও আমি নানাভাবে চেষ্টা করেছি, কিন্তু ফল হয়নি।

এই প্রকল্পে ফেরত আসার কোনো সুযোগ নেই। আপনি এই ঝুঁকি নিতে কেন আগ্রহী হলেন?
নতুন গবেষণা ও আবিষ্কারের জন্য একজন সচেতন মানুষ হিসেবে আমাদের মানসিক সীমাবদ্ধতা অতিক্রম করা জরুরি। আমরা বাংলাদেশি নাগরিকেরা অনেক রকমের প্রতিকূলতার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। সুতরাং, এ যাত্রা সেদিক থেকে খুব নতুন কিছু নয়। পরিবেশ পাল্টাতে পারে, গ্রহ পাল্টাতে পারে, কিন্তু অসম্ভবকে জয় করার উদ্যোগ আর নতুন অভিযানের আনন্দ মানুষের মধ্যে আছে এবং থাকবে। মা-বাবা শুরুতে কিছুটা চিন্তিত ছিলেন। কিন্তু আমি জানি শেষ পর্যন্ত তাঁরা খুশিই হবেন।

আবার কবে দেশে আসবেন?
২০০৬ সালের ডিসেম্বর মাসে ঢাকা ছেড়েছি। এর মধ্যে আর আসার সুযোগ হয়নি। পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত আছি।
এ জন্য দেশে যাওয়ার পরিকল্পনা সফল হচ্ছে না।
সাক্ষাৎকার নিয়েছেন: ইকবাল হোসাইন চৌধুরী