
প্রেম গাঢ় হলে কি নিজের চেয়েও ভালো ও নিখুঁত জিনিস প্রিয়জনকে দিতে হয়? গুগল আর নকিয়ার ক্ষেত্রে তা-ই যেন ঘটতে যাচ্ছে। অন্তত নকিয়া ব্র্যান্ডকে বাজারে ফেরাতে কাজ করা ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবালের কর্মকর্তারা সে কথাই বলছেন।
নকিয়া আর গুগলের মধ্যে বর্তমান সম্পর্কের বিষয়টি কি খেয়াল করে দেখেছেন? যে গুগলকে একসময় মোটেও পাত্তা দেয়নি নকিয়া, সেই গুগলের মধ্যে নকিয়া এখন এমনভাবে ঢুকেছে, যা চোখে লাগারই কথা। নকিয়া এখন এমন প্রতিশ্রুতি দিচ্ছে যে গুগলের নিজস্ব পিক্সেল ফোনের চেয়েও আরও নিখুঁত ও নিরাপদ অ্যান্ড্রয়েড ফোন আনবে তারা।
গুগল ও নকিয়ার এ ঘনিষ্ঠতা অদূর ভবিষ্যতে আরও গভীর বন্ধুত্বে রূপ নিতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।
নকিয়ার অতীত ইতিহাস তো অনেকেরই জানা। একসময়ের শীর্ষ মোবাইল ফোন নির্মাতা ছিল ফিনল্যান্ডের এই প্রতিষ্ঠান। কিন্তু নকিয়ার বড় ভুল ছিল অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে না আসা। এ দশকের শুরুতে গুগলের অ্যান্ড্রয়েডকে পাত্তা না দিয়ে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমকে বেছে নেয় নকিয়া। এতে মাইক্রোসফট বা নকিয়া কারও জন্য ভালো ফল হয়নি। গত বছরের মে মাসে নকিয়া ব্র্যান্ড নামের দিকে হাত বাড়ায় ফিনল্যান্ডের আরেক প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। প্রতিষ্ঠানটি নকিয়ার সাবেক কর্মকর্তারা মিলে তৈরি করেছেন। নকিয়ার সাবেক কর্মীদের কাছে অতীতের সেই ভুল শোধরানোর একটি সুযোগ। গুগলের অ্যান্ড্রয়েডকে আঁকড়ে ধরে সফল হওয়ার আরেকটি মোক্ষম সুযোগ।
সম্প্রতি স্পেনের বার্সেলোনায় শেষ হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এইচএমডি গ্লোবালের পক্ষ থেকে গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মকে নিবিড়ভাবে আঁকড়ে ধরার ঘোষণা দেওয়া হলো। অ্যান্ড্রয়েড দিয়ে নকিয়া ব্র্যান্ডের তিনটি সিরিজের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।
নকিয়া ৩, ৫ ও ৬ স্মার্টফোনের ঘোষণা দিয়ে এইচএমডির প্রধান নির্বাহী কর্মকর্তা আর্তো নুমেলা বললেন, অবশেষে নকিয়াতে এল অ্যান্ড্রয়েডে।
নুমেলা বলেছেন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে যেনতেন স্মার্টফোন তৈরি করা আর দশটা সাধারণ কোম্পানির মতো নয় এইচএমডি। গুগলের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক-বোঝাপড়া রয়েছে, যা সত্যিই গভীর।
অবশ্য বাজার বিশ্লেষকেরা বলেন, গুগলের সঙ্গে এমন গভীর সম্পর্ক আরও অনেক কোম্পানির আছে। অ্যান্ড্রয়েড ব্যবহার করে সেরা ফোন তৈরি করা প্রতিষ্ঠানের সঙ্গে আগেও চুক্তি করেছে গুগল। এলজি, হুয়াওয়ে ও আসুসকে সঙ্গে নিয়ে ডিভাইস তৈরি করেছে গুগল। ২০১১ সালে মটোরোলাকে কিনেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু গুগলের সে ভালো লাগা বেশি দিন টেকেনি। ২০১৪ সালে লেনোভোর কাছে মটোরোলাকে বিক্রি করে দিয়েছে গুগল।
গুগল ও নকিয়ার মধ্য এই রোমান্সের শুরুটা কিন্তু বেশ মুখরোচক। নকিয়াকে কাছে পেতে গুগল গুটি চেলেছে বলে মনে করছেন কেউ কেউ। নকিয়া ব্র্যান্ডের নতুন ফোন ঘোষণার অনুষ্ঠানে মঞ্চে ওঠেন গুগলের অ্যান্ড্রয়েড ও প্লে বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেমি রোজেনবার্গ। সেখানে নকিয়াকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটেও দুই প্রতিষ্ঠান পরস্পরের প্রতি সৌহার্দ্যের বার্তা ছড়িয়েছে। এ ছাড়া নকিয়ার পক্ষ থেকে গুগলের গুণকীর্তন করার দৃশ্যও চোখে পড়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে।
সিসিএস ইনসাইটের বিশ্লেষক বেন উড বলেন, গুগল যতই এইচএমডির সঙ্গে কাজ করুক না কেন, গুগলের লক্ষ্য ঠিকই থাকবে। যে প্রতিষ্ঠান বেশি ফোন বিক্রি করবে, তার ওপর বেশি গুরুত্ব দেবে গুগল। তাই গুগলের প্রাথমিক লক্ষ্য হবে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা স্যামসাং অ্যান্ড্রয়েডচালিত ফোন তৈরি করে বর্তমানে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা।
এইচএমডি গ্লোবাল কর্তৃপক্ষ বলছে, নকিয়ার ফোনগুলোকে বেশি গুরুত্ব দেবে গুগল। গুগলের নিজস্ব পিক্সেল ফোন যেমন গুগলের সব সফটওয়্যার আগে পায়, তেমনি গুগল ডেভেলপার ল্যাব থেকে বের হওয়ার পর এখন তা নকিয়া পাবে। মাসিক নিরাপত্তা হালনাগাদ ও অন্যান্য সফটওয়্যারে নকিয়ার প্রাধান্য থাকবে আগে। এতে অন্যান্য ফোন নির্মাতা এইচটিসি, এলজি ও স্যামসাংয়ের সঙ্গে পার্থক্য তৈরি হবে। ওই প্রতিষ্ঠানগুলো গুগল সফটওয়্যারে নিজস্ব পরিবর্তন আনে।
নকিয়ার নতুন ফোন সম্পর্কে এইচএমডির প্রধান পণ্য কর্মকর্তা জুহো সারভিকাস বলেন, নকিয়া সবার আগে সবচেয়ে নিখুঁত ও নিরাপদ অ্যান্ড্রয়েড পাবে। এমনকি পিক্সেলের চেয়েও নিখুঁত। কারণ, পিক্সেল ফোনগুলোতে সাধারণত পরীক্ষামূলক ফিচার ব্যবহার করে গুগল। নকিয়ার ফোনে পূর্ণাঙ্গ ও নিরাপদ ফিচার সবার আগে ছাড়ার নিশ্চয়তা রয়েছে। এ কাজে গুগলকে সাহায্য করবে এইচএমডি।
এদিকে গুগল নিজস্ব পিক্সেল ব্র্যান্ডের স্মার্টফোন নিয়ে আরও এগোতে চাইছে। সেখানে তারা নিখুঁত অ্যান্ড্রয়েড দেওয়ার আশ্বাস দিচ্ছে। গুগলের নতুন ফোনের বিষয়টি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রিক অস্টেরলোহ। এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে গুগল পিক্সেল ও পিক্সেল এক্সএল ফোনের পরবর্তী সংস্করণ নিয়ে কথা বলেন তিনি। রিক বলেন, ‘এ শিল্পে বার্ষিক একটি নিয়ম আছে। আমরা এই নিয়ম অনুসরণ করব।’ গত বছরের অক্টোবর মাসে পিক্সেল ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে ছাড়ে গুগল।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, এ বছরের অক্টোবর মাস নাগাদ গুগলের নতুন স্মার্টফোনের দেখা মিলতে পারে। বাজারে অ্যাপলের তৈরি নতুন আইফোনের সঙ্গে প্রতিযোগিতার জন্য পিক্সেল ২ বাজারে ছাড়ার পরিকল্পনা করছে গুগল। পিক্সেল ২ স্মার্টফোনের গ্লাস ব্যাক প্যানেল, মাঝখানে ক্যামেরা ও ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে। এতে ব্যবহৃত হবে ইউএসবি টাইপ-সি। ৫ ইঞ্চি মাপের ২কে ডিসপ্লে, ৬ জিবি র্যাম ও দ্বিতীয় প্রজন্মের ভার্চ্যুয়াল রিয়্যালিটি সমর্থন করবে ফোনটি।
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া তিনটি মডেলের স্মার্টফোনের ঘোষণা দিয়েছে নকিয়া। এর মধ্যে নকিয়া ৬ স্মার্টফোন নকশা বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটির ইউনিবডি বা উপরিকাঠামো একটি একক ৬০০০ সিরিজ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এর স্মার্ট অডিও অ্যাম্পলিফায়ারে দুটি স্পিকার রয়েছে। এতে আছে ডলবি অ্যাটমস। কালো, রুপালি, নীল ও ধূসর—এই চারটি রঙে পাওয়া যাবে এই সেট। বৈশ্বিক বাজারে নকিয়া ৬ স্মার্টফোনটির গড় খুচরা দাম হবে ২২৯ ইউরো।
নকিয়া ৫ মডেলটি একক ৬০০০ সিরিজ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, যা দেখতে বালিশের কভারের মতো। এতে কোয়ালকম অ্যাড্রেনো ৫০৫ গ্রাফিকস প্রসেসর এবং কোয়ালকম®স্ন্যাপড্রাগন™ ৪৩০ মোবাইল প্ল্যাটফর্ম রয়েছে। বাজারে নকিয়া ৫ স্মার্টফোনটি পাওয়া যাবে চারটি রঙে। এর দাম হবে ১৮৯ ইউরো।
সাশ্রয়ী দামের স্মার্টফোন হিসেবে নতুন নকিয়া ৩ মডেল এনেছে এইচএমডি গ্লোবাল। এর কাঠামো অ্যালুমিনিয়ামে তৈরি। ৫ ইঞ্চি ল্যামিনেটেড ডিসপ্লে এবং সামনে ও পেছনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা আছে এতে। বাজারে চারটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। এর দাম হবে ১৩৯ ইউরো।
বাজার বিশ্লেষকেরা বলছেন, গুগল যদি তাদের হার্ডওয়্যার ব্যবসা বাড়াতে থাকে, তবে গুগল ও নকিয়ার প্রেম টিকবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, বাজারে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হলে ঘনিষ্ঠতা তখন শত্রুতায় পরিণত হতে পারে। তবে আশার কথা হচ্ছে, পুরোনো নকিয়া ব্র্যান্ডকে আবার নতুন করে বাজারে ফিরিয়ে আনার চেষ্টা করছে এইচএমডি গ্লোবাল। তাই এই সম্পর্ক আরও গাড় হওয়ার যথেষ্ট সুযোগ ও সম্ভাবনাও আছে। তথ্যসূত্র: সিনেট, এএফপি, রয়টার্স।