'নিজের ট্যাকা নিজে খরচ করবার পারি না'

নাসিমা আক্তার মিরপুরের একটি পোশাক কারখানায় কাজ করে। মাস শেষে চার হাজার ৩০০ টাকা পায়। ১৬ বছর বয়সেই জীবনের কঠিন বাস্তবতা জানা হয়ে গেছে নাসিমার। বাড়তি রোজগারের জন্য সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করার পর ওভারটাইমও করতে হয় তাকে। মা-বাবা আর তিন ভাই-বোন নিয়ে মোহাম্মদপুরের বছিলায় বরকতের বস্তিতে নাসিমার বসবাস। পক্ষাঘাতগ্রস্ত বাবা অনেক দিন ধরেই শয্যাশায়ী। সুতরাং সংসারে আর্থিক কোনো অবদান নেই তাঁর। মা তিন বাসায় কাজ করেন। মা-মেয়ে মিলে যা আয় তা দিয়েই টেনেটুনে সংসার চলে। নাসিমা বেতন পাওয়ার পরই মায়ের হাতে পুরো টাকাটাই তুলে দেয়। মন চাইলেও নিজের জন্য কেনা সম্ভব হয় না শখের নেইলপলিশ বা পছন্দের পোশাক। অর্থাৎ সংসারের প্রয়োজন মেটাতে নিজের জন্য কোনো বরাদ্দই থাকে না তার। প্রতিদিন মা হিসাব করে হলারের ভাড়া দিয়ে দেন আর দুপুরের খাবার বাসা থেকেই নিয়ে যায় নাসিমা, এর বাইরে কোনো টাকা মেলে না ওর।
নাসিমা বলে, ‘নিজের ট্যাকা নিজে খরচ করবার পারি না। মাজেমইদ্যে ইচ্ছা লয়, বাইরের খাওন খাইতে। কিন্তু ট্যাকা থাকে না। মায়ের কাছে ট্যাকা চাইলে মায় গালাগালি করে।’
যে বয়সে শিশু-কিশোরীদের বই হাতে বিদ্যালয় বা কলেজে যাওয়ার কথা অথবা বেণি দুলিয়ে ঘুরে বেড়ানোর কথা, সেই বয়সেই দরিদ্র পরিবারের মেয়েদের সংসার চালানোর কঠিন দায়িত্ব নিতে হয়। ফলে শিক্ষার সুযোগ হারানোর পাশাপাশি তাদের শারীরিক-মানসিক বিকাশও ঠিকমতো হয় না। অথচ এত কষ্ট করে অর্থ উপার্জন করেও তারা নিজেদের জন্য কোনো অর্থ ব্যয় করতে পারে না। স্বেচ্ছায় অথবা বাধ্য হয়ে পরিবারকেই পুরো টাকা দিয়ে দিতে হয়। এমনকি নিজের জন্য খরচ করলে পরিবারের কাছে নির্যাতনের শিকারও হতে হয়।
মিতু শাহবাগ মোড়ে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত ফুল বিক্রি করে। এ সময় মা-ও মিতুর সঙ্গে থাকে। শাহবাগের ফুলের দোকানগুলো থেকে দিন শেষে অপেক্ষাকৃত মলিন এবং বাসি গোলাপ ফুল কিনে মা তোড়া বানিয়ে দেন আর মিতু ঘুরে ঘুরে বিক্রি করে। রাত ১১টার দিকে বাবা এসে মা ও মিতুকে বাসায় নিয়ে যায়। প্রথমেই ফুল বিক্রির সব টাকা নিয়ে নেয় বাবা। পই পই করে মাকে টাকার হিসাবও দিতে হয়। ফুল বিক্রির মূল কাজটা মিতু করলেও, বাবা কখনো ওর হাতে টাকা দেয় না, মাকেও না। আবার কিছু খাওয়ার জন্য মিতু যখন খুব আবদার করে, চড়-থাপড় মেরে মিতুকে নিবৃত্ত করে বাবা।
১০ বছর বয়স থেকে রিমা আক্তার রাজধানীর একটি বাসায় কাজে করে। ১৩ বছরের রিমা এখন মাসে বেতন পায় ১৫০০ টাকা। কিন্তু কখনো রিমা নিজের বেতন হাতে পায়নি। রিমার মা পটুয়াখালী থেকে তিন-চার মাস পরপর এসে গৃহকর্ত্রীর কাছ থেকে বেতনের পুরো টাকা নিয়ে যান। কিন্তু তিনি রিমার হাতে কখনো কোনো তিনি টাকাপয়সা দেন না। এমনকি রিমার পছন্দের কিছু কিনেও দেন না। গত ঈদের ছুটিতে রিমা বাড়িতে গিয়ে বাজারের দোকানে ৮০০ টাকা দামের একটি পোশাক পছন্দ করে। কিন্তু মা কিনে দেননি, তাঁর কাছে এটা অপচয় মনে হয়েছে। কারণ ইতিমধ্যে গৃহকর্তা ঈদের জামা পাঠিয়ে দিয়েছেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক নেহাল করিম বলেন, ‘এ বয়সে মূলত শিশু-কিশোরীরা জীবন ধারণের বা বেঁচে থাকার তাগিদে কাজ করে। দরিদ্র পরিবারে মেয়েসন্তানের ওপর অর্থনৈতিক নির্ভরতা তুলনামূলক অনেক বেশি। ফলে নিজের প্রয়োজনের চেয়ে সংসারের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিতে হয়। এমনকি অনেকে সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে ঠিক সময়ে বিয়ে পর্যন্ত করতে পারে না। মা-বাবা সংসার চালানোর জন্য কর্তৃত্ব দেখিয়ে বা জোর করে মেয়েদের উপার্জিত অর্থ নিয়ে যান। দারিদ্র্যের কশাঘাতে বাধ্য হয়েই তাঁরা হয়তো এমনটি করেন। তবে নির্যাতনের বিষয়টি গ্রহণযোগ্য নয়। চাপ প্রয়োগ করেই হোক আর মারধর করেই হোক মেয়েদের উপার্জিত অর্থ ভোগ করে পরিবার। তবে কেউ কেউ পরিবারের কথা ভেবেই মাস শেষে উপার্জন তুলে দেয় অভিভাবকের কাছে।’