‘পরিবেশবান্ধব’ থাকছে না অ্যাপল!
অ্যাপল ব্র্যান্ডের যে পণ্যগুলো ব্যবহার করা হয়, সেগুলো কি পরিবেশবান্ধব? এত দিন অ্যাপল ব্র্যান্ডের নাম পরিবেশবান্ধব হিসেবে থাকলেও সম্প্রতি নিজেদের সরিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইলেকট্রনিক পণ্যের জন্য পরিবেশবান্ধব হিসেবে যে প্রতিষ্ঠান স্বীকৃতি দেয়, সেই ইলেকট্রনিক প্রোডাক্ট এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট টুল (ইপিইএটি) নামের সংস্থাটির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছে অ্যাপল।জানা গেছে, অ্যাপল ব্র্যান্ডের মোট ৩৯টি পণ্য থেকে ইপিইএটির দেওয়া পরিবেশবান্ধব পণ্যের স্বীকৃতি আর থাকছে না। জুন মাসের শেষ দিকে অ্যাপল এই সংস্থাটির কাছে পরিবেশবান্ধব পণ্যের বাইরে যাবার অনুরোধ করেছিল।ইপিইএটি সংস্থাটির সঙ্গে বিভিন্ন ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান, পরামর্শক প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন সংস্থা জড়িত। সংস্থাটি ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে পরিবেশবান্ধব পণ্য হিসেবে একটি মান দাঁড় করায়। এ সংস্থাটির নীতি অনুসারে পরিবেশবান্ধব পণ্য তৈরির ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে রিসাইকেলে জোর দিতে হবে। কিন্তু অ্যাপলের নকশার সঙ্গে ইপিইএটির মান না মেলায় এ সংস্থা থেকে বেরিয়ে গেছে অ্যাপল। এ প্রসঙ্গে ইপিইএটির প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট ফ্রিসবি জানিয়েছেন, ‘পরিবেশবান্ধব নীতি তৈরির বড় সমর্থক ছিল অ্যাপল। কিন্তু তাঁরা ইপিইএটির মান থেকে সরে যাওয়ার আমরা হতাশ হয়েছি।’