‘পাইন অ্যাপল’ দ্বীপ কিনলেন ওরাকল প্রধান
কারও যদি ৫০ কোটি ডলার খরচ করার ইচ্ছা জাগে, সে ক্ষেত্রে একটা দ্বীপ কেনাই যুক্তিসংগত হবে। আর ঠিক এই ভাবনাটিই ভেবেছিলেন বিশ্বসেরা দুই সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস আর ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন—দুজনই যুক্তরাষ্ট্রের হাওয়াই আইল্যান্ড অব লানাই নামের একটি দ্বীপ কেনার আগ্রহ দেখিয়েছিলেন। দ্বীপটি ‘পাইন অ্যাপল আইল্যান্ড’ হিসেবেও পরিচিত। হাওয়াই অঞ্চলের গভর্নরের বরাতে এক খবরে বিবিসি জানিয়েছে, ২১ জুন দ্বীপটি কিনেছেন ওরাকলের প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যারি অ্যালিসন। দ্বীপ কিনতে ঠিক কত খরচ করেছেন অ্যালিসন তা প্রকাশ করেন নি। তবে দ্বীপটির প্রারম্ভিক দাম ধরা হয়েছিল ৫০ থেকে ৬০ বিলিয়ন ডলার। হাওয়াইয়ের লানাই দ্বীপের মালিক কোটিপতি ডেভিড মারডক তাঁর এ দ্বীপটি বিক্রির আগ্রহ প্রকাশ করার পরপরই বিল গেটস ও ল্যারি অ্যালিসনের মতো ধনকুবের তা কেনার জন্য আগ্রহ দেখিয়েছিলেন।১৪১ বর্গকিলোমিটারের এই দ্বীপটিতে তিন হাজার ২০০ মানুষের বসবাস করেন। দ্বীপটিতে আনারসের চাষও হয়। এ ছাড়া দ্বীপটির নৈসর্গিক সৌন্দর্যের আকর্ষণে অসংখ্য পর্যটক এখানে আসেন। আর এই পর্যটনের ব্যবসা থেকেই দ্বীপটির আয় হয় সবচেয়ে বেশি।লানাই দ্বীপটির সঙ্গে অবশ্য বিল গেটস ও অ্যালিসন দুজনেরই সম্পর্ক রয়েছে। ১৯৯৪ সালে মেলিন্ডার সঙ্গে বিয়ের সময় এই দ্বীপটি ভাড়া নিয়েছিলেন বিল গেটস। তাই স্মৃতিমধুর এ দ্বীপটি তাঁর পছন্দই হওয়ার কথা। এদিকে লানাই দ্বীপে আগে থেকেই ঘর তুলে রেখেছিলেন অ্যালিসন। তাই এবার দ্বীপটি কিনে নিয়ে পুরোপুরি নিজের দ্বীপই বানালেন অ্যালিসন।প্রসঙ্গত, ১৯৮৫ সালের আগ পর্যন্ত দ্বীপটির মালিকানা ছিল ক্যাসেল অ্যান্ড কুক নামের একটি স্টেটের হাতে। এরপর ডেভিড মারডক দ্বীপটি কিনে নেন। তবে দ্বীপটির দুই শতাংশ মালিকানা এখনো ক্যাসেল অ্যান্ড কুকের রয়েছে।