'প্রতিবন্ধীদের প্রতি রয়েছে সহানুভূতির অভাব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. সফিকুল ইসলাম
মো. সফিকুল ইসলাম

সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এর মূল কাজ শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের পরিপূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা করা। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের মূলে আছেন বাংলাদেশে বসবাসরত ইংরেজ ফিজিওথেরাপিস্ট ভেলেরি এ টেইলর। জীবনের অধিকাংশ সময়ই বাংলাদেশের মানুষের সেবা করেছেন এবং এখনো করে যাচ্ছেন। সিআরপি বিভিন্ন বয়সের প্রতিবন্ধী মানুষের পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের নিয়েও কাজ করে। প্রতিবন্ধী শিশুদের সম্পর্কে ইতিবাচক মানসিকতা তৈরির জন্যও কাজ করছে প্রতিষ্ঠানটি। এর প্রধান কার্যালয় ঢাকার সাভারে। তবে মিরপুর, সাভারের গনকবাড়ি, মানিকগঞ্জ, মৌলভীবাজার ও এর গোবিন্দপুর এলাকা, বরিশাল, রাজশাহী এবং চট্টগ্রামে সিআরপির কার্যালয় আছে। প্রতিবন্ধী শিশুদের সমস্যা এবং এর সমাধানের উপায় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন সিআরপির নির্বাহী পরিচালক মো. সফিকুল ইসলাম।

প্রথম আলো: আপনি দীর্ঘদিন ধরে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। প্রতিবন্ধী শিশুদের জন্য সমাজের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কোনটি বলে আপনার মনে হয়?
মো. সফিকুল ইসলাম: প্রতিবন্ধী শিশুদের জন্য সমাজের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে তাদের প্রতি সহানুভূতির অভাব। তারাও যে মানুষ, এই বোধ অনেকের মধ্যে দেখা যায় না। এ ছাড়া প্রতিবন্ধী শিশুদের ব্যাপারে সচেতনতার অভাব প্রকট। ওই শিশুদেরও যে বিশেষ প্রতিভা থাকতে পারে, এ বিষয়ে অনেকেই জানেন না। এ কারণে তাদের বেশি অবহেলার শিকার হতে হয়।
প্রথম আলো: পরিবারের সদস্যরা তাঁদের প্রতিবন্ধী শিশুটির প্রতি কি যথেষ্ট যত্নশীল?
মো. সফিকুল ইসলাম:আমাদের দেশে অনেক ধরনের প্রতিবন্ধী শিশু রয়েছে। যাঁরা তাদের বিষয়ে ন্যূনতম সচেতন ও সজাগ, তাঁরা সহমর্মিতা দেখান। কিন্তু প্রতিবন্ধী শিশু সম্পর্কে যাঁদের ধারণা নেই, তাঁরা ওই শিশুদের প্রতি সহজে সহমর্মী হন না। পরিবারের কথা যদি আসে তাহলে বলতে হয়, সাধারণত মায়েরা প্রতিবন্ধী শিশুদের প্রতি যত্নশীল হন। অনেক সময় নিম্নবিত্ত পরিবারগুলো দরিদ্রতার কারণে তাদের প্রতিবন্ধী শিশুর সঠিক যত্ন নিতে পারে না। এটাও যেমনি সত্য, তেমনি রয়েছে এর উল্টো চিত্রও। সামগ্রিকভাবে পুরুষদের প্রতিবন্ধী শিশুদের প্রতি যত্নশীল হতে দেখা যায় না। এটির উন্নয়ন ঘটাতে হবে।
প্রথম আলো: যেসব পরিবারে প্রতিবন্ধী শিশু রয়েছে, দেখা যায়, সেসব পরিবারের সদস্যরা জানেন না প্রতিবন্ধী শিশুর কী ধরনের সেবাযত্নের প্রয়োজন রয়েছে। এসব বিষয়ে যথেষ্ট প্রচার-প্রচারণা করা দরকার নয় কি?
মো. সফিকুল ইসলাম: আমাদের দেশের অনেক মানুষ গ্রামে বসবাস করে। তাদের অনেকেই জানে না প্রতিবন্ধী শিশুদের কীভাবে যত্ন নিতে হয়। তাদের আলাদা সেবা করতে হয়। সেই জায়গা থেকে গ্রামের পরিবারগুলোতে প্রতিবন্ধী শিশুরা সঠিক সেবাযত্ন পায় না। এ জন্য প্রচারণার পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের অনেক বেশি সেবাকেন্দ্র তৈরি জরুরি। তাহলে প্রচারণা সঠিক কাজে লাগবে।
প্রথম আলো: আমাদের দেশে কতজন প্রতিবন্ধী রয়েছে, এ বিষয়ে কোনো পরিসংখ্যান নেই। আপনার প্রতিষ্ঠান থেকে কখনো কি প্রতিবন্ধীদের সংখ্যা জানার জন্য কোনো জরিপ চালানো হয়েছিল?
মো. সফিকুল ইসলাম: সর্বশেষ ডব্লিউএইচও একটি প্রতিবেদন দিয়েছিল। সেখানে দেখানো হয়েছে, বাংলাদেশে শতকরা ১৫ জন মানুষ প্রতিবন্ধী। এটি তারা বিরাট আকারে করেছে। কিন্তু আমরা অনেক সময় ক্ষুদ্র আকারে কিছু জরিপ চালিয়ে দেখেছি যে আমাদের দেশে দৃশ্যমান শারীরিক প্রতিবন্ধীর সংখ্যা ৩ থেকে ৫ শতাংশ।
প্রথম আলো: দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধী শিশুরা ভর্তির সুযোগ পাচ্ছে না। এ ছাড়া নগরগুলোতে নির্মিত ভবনে ইমারত নির্মাণ বিধিমালা মেনে প্রতিবন্ধীদের চলাচলের সুযোগ রাখা হয় না। এই যে তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, এ বিষয়ে আপনার বক্তব্য কী?
মো. সফিকুল ইসলাম: আমি আগেই বলেছি, আমাদের দেশে সচেতনতার অভাবের কারণে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা না থাকার কারণে তাদের ভর্তি করানো হয় না। বিশেষ করে, ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে এ সুযোগ নেই বললেই চলে। সাধারণ শিশু ও প্রতিবন্ধীদের একত্রে শিক্ষা না দিয়ে প্রতিবন্ধীদের কিছুটা আলাদা সুবিধা দিয়ে যে একটি আনন্দময় পরিবেশে শিক্ষা দেওয়া সম্ভব, তা অনেকেই জানেন না। এ ছাড়া প্রতিবন্ধী শিশুদের লেখাপড়া শেখাতে শিক্ষকদের বিশেষ একধরনের প্রশিক্ষণের প্রয়োজন হয়, তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দেওয়ার ব্যবস্থা নেই। ইমারত বিধিমালা দুর্বল হওয়ার কারণেও শিশু প্রতিবন্ধীরা সঠিক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সব মিলিয়ে তাদের ক্ষেত্রে চরম অবিচার করা হচ্ছে, এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তবে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা বিভিন্ন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের অধিকার রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
প্রথম আলো: প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় দেশে এখন পর্যন্ত কোনো আইন প্রণীত হয়নি। এ বিষয়ে আপনার মতামত কী?
মো. সফিকুল ইসলাম: প্রতিবন্ধীদের সুরক্ষায় কোনো পূর্ণাঙ্গ আইন নেই। একটি আইন ছিল, সেটি সংশোধন করে খসড়া একটি আইন করা হয়েছে, যা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
প্রথম আলো: আইন হলেই কি প্রতিবন্ধীদের অবস্থার আমূল পরিবর্তন হবে?
মো. সফিকুল ইসলাম: শুধু আইন কখনোই কোনো অবস্থার আমূল পরিবর্তন করতে পারে না। তেমনি প্রতিবন্ধী শিশুদের অবস্থার পরিবর্তনের ক্ষেত্রেও আইনের পাশাপাশি তাদের বিষয়ে সচেতনতা ও সহমর্মিতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে প্রতিবন্ধী শিশুদের বিকাশের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নিতে হবে, যেখানে ওই শিশুরা তাদের প্রতিবন্ধিতাকে জয় করার সুযোগ পায়। এসব করতে না পারলে শুধু আইন করেই প্রতিবন্ধী শিশুদের অবস্থার আমূল পরিবর্তন সম্ভব হবে না।
সাক্ষাৎকার নিয়েছেন মোছাব্বের হোসেন