‘প্রযুক্তি এবংবিধ’ প্রকাশিত
চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে গত রোববার অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ওবায়দুল করিমের লেখা প্রযুক্তি এবংবিধ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। সোশ্যাল ল্যান্ডস্ক্যাপ রিসার্চ অরগানাইজেশনের (এসেলারো) আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন জাপানের অনারারি কনসাল মুহম্মদ নুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবুল কাসেম চৌধুরী ও ইনস্টিটিউট অব প্ল্যানার চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি প্রকৌশলী আলী আশরাফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসেলারোর সভাপতি মাহাবুবুল আলম তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক শামসুদ্দিন শিশির। বক্তারা বলেন, ‘বইটি বাংলা ভাষায় লেখা প্রযুক্তি ও বিজ্ঞানবিষয়ক লেখার অভাব মেটাবে। এতে তথ্যপ্রযুক্তির বিকাশের ফলে যেসব সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন হচ্ছে, তা চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। বইটিতে মানুষ, সমাজ ও সামাজিক সংগঠনের সঙ্গে প্রযুক্তির পারস্পরিক যোগাযোগের তাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে। এটি যৌক্তিকতা-অযৌক্তিকতা সম্পর্কে ভাবার খোরাক জোগাবে। —নিজাম হায়দার সিদ্দিকী, চট্টগ্রাম অফিস