‘প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে সহায়তা করবে এসএপি’
২৪ এপ্রিল মঙ্গলবার ‘এসএপি ফোরাম ২০১২’ নামের একটি অনুষ্ঠানে এসএপি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পিটার গার্টেনবার্গ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন। মবিলিটি, ক্লাউড, ইন-মেমোরি, অ্যানালিটিক্স এবং ডেটাবেজ প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানের উন্নয়নে প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে ভবিষ্যতে আরও কাজ করার কথা জানিয়েছেন এসএপি নামের এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা। গার্টেনবার্গ জানিয়েছেন, বাংলাদেশের গ্রাহকদের জন্য স্থানীয় চাহিদা অনুযায়ী বিশেষ এসএপি বিজনেস অল ইন ওয়ান সলিউশন প্রদান করার মাধ্যমে এদেশে ব্যবসায়িক অবস্থান সুদৃঢ় করার লক্ষে কাজ করছে এসএপি। বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে আরও প্রযুক্তিগতভাবে দক্ষ করে গড়ে তুলতে এসএপি কাজ করবে। পিটার গার্টেনবার্গ আরও বলেন, বিশ্বজুড়ে ২০১৫ সালের মধ্যে এসএপির রাজস্ব লক্ষ্য হচ্ছে ২০ বিলিয়ন ইউরো এবং ১ বিলিয়ন ব্যবহারকারীর লক্ষ্যমাত্রা অর্জন করা। এবং এ লক্ষ্যমাত্রা অর্জনে ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দেশের উন্নয়নশীল অর্থনীতি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, স্থানীয় চাহিদা অনুযায়ী প্রস্তুতকৃত সলিউশনের মাধ্যমে আমাদের বাংলাদেশের গ্রাহকদের জন্য সর্বোত্তম সেবা প্রদান করতে পারব বলে আমরা আশাবাদী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএপি ইন্ডিয়ার ইমার্জিং বিজনেস ভাইস প্রেসিডেন্ট প্রিয়দর্শী মহাপাত্র। তিনি বলেন, ‘স্বয়ংক্রিয়তা, উন্নত গ্রাহক ব্যবস্থাপনা এবং বিশ্বমানের সেবা নিশ্চিত করতে বাংলাদেশ জুড়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এসএপির ওপর নির্ভরশীল হয়ে উঠছে। ভবিষ্যতে আরও উন্নত সেবা ও সহযোগিতার মাধ্যমে এ নির্ভরশীলতা বাড়ানো হবে।অনুষ্ঠানে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে অনুষ্ঠানে এসএপি ‘অপ্টিমাইজ উদ্যোগ ওয়ান’ নামক একটি বিশেষ বিজনেস অল ইন ওয়ান সলিউশন উদ্বোধনের ঘোষণা দিয়েছে। স্থানীয় চাহিদার কথা মাথায় রেখে এসএপি এবং এর সহযোগী অপটিমাল সলিউশনস এই সলিউশনটি প্রস্তুত করেছে। এই সলিউশনটি ডিস্ট্রিবিউশন, সিপিজি (কনজ্যুমার প্রোডাক্ট), কেমিক্যাল এবং ফার্টিলাইজার প্রভৃতি ব্যবসা খাতের জন্য বিশেষভাবে উপযোগী। এটি ব্যবহারের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের প্রকিউরমেন্ট, ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউশন, সেলস, ফাইন্যান্স প্রভৃতি বিভাগের সকল কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব। এ ছাড়া এসএপি বেশ কিছু স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসআই (সিস্টেম ইন্টিগ্রেটরস) সহযোগীদের সাথে সমঝোতা কার্যক্রম আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে এসএপি দক্ষ কর্মশক্তি বৃদ্ধি করার পরিকল্পনা করেছে।বাংলাদেশে এসএপির প্রধান গ্রাহকদের মধ্যে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড, জেমকন ফুড অ্যান্ড এগ্রিকালচার প্রোডাক্টস লিমিটেড, এমজিএইচ হোল্ডিং, ভিয়েলাটেক্স গ্রুপ, এসিআই লজিস্টিকস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।উল্লেখ্য, বিশ্বের অন্যতম এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসএপি বিশ্বজুড়ে ২৫টিরও বেশি ব্যবসায়িক খাতে সফটওয়্যার সেবা প্রদান করে থাকে। বিশ্বজুড়ে ১২০টি দেশে এক লাখ ৮৩ হাজার গ্রাহকসহ প্রতিষ্ঠানটি নিউইয়র্ক এবং ফ্রাঙ্কফুর্টের স্টক এক্সচেঞ্জে অধিভুক্ত।