'প্রযুক্তিপাগল হও, তবে প্রযুক্তিপাগলের সঙ্গে প্রেম নয়'

মার্ক জাকারবার্গের মতো প্রযুক্তিপাগলের প্রেমে পড়তে পারে যেকোনো তরুণীই। এ ক্ষেত্রে জাকারবার্গের মত কিন্তু ভিন্ন। তরুণীদের প্রতি জাকারবার্গের উপদেশ—নিজে প্রযুক্তি নিয়ে পাগল হও, কিন্তু কোনো প্রযুক্তিপাগলের সঙ্গে প্রেম করবে না।
২০১৬ সালের ব্যক্তিগত চ্যালেঞ্জবিষয়ক পোস্টে একটি মন্তব্যের জবাবে জাকারবার্গ এ পরামর্শ দিয়েছেন। জাকারবার্গের পোস্টে এক বৃদ্ধা নিজের নাতনিকে পরামর্শ দিয়ে মন্তব্য লিখেছেন, ‘পরবর্তী জাকারবার্গ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে এমন একজন প্রযুক্তিপাগলকে প্রেমিক হিসেবে বেছে নাও।’ এই মন্তব্যর জবাবে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ লিখেছেন, তরুণীদের নিজেকে প্রযুক্তিবান্ধব হয়ে ওঠার উৎসাহ দেওয়া জরুরি, যাতে তারা নিজে সফল উদ্যোক্তা হয়ে ওঠে। জাকারবার্গ গত বছরের নভেম্বরে এক মেয়ের বাবা হয়েছেন। মেয়ের নাম রেখেছেন ম্যাক্স।
ফেসবুকের মতো একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও জনপ্রিয় প্রযুক্তিবিদ হিসেবে জাকারবার্গের কাছ থেকে এটি গুরুত্বপূর্ণ একটি বার্তা। ফেসবুক কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিতে কর্মী সংখ্যায় নারী-পুরুষের বৈষম্য দূর করার চেষ্টা করছে। ফেসবুকের মোট কর্মী সংখ্যার শতকরা ৩০ ভাগ নারী। আর প্রযুক্তিকর্মী হিসেবে প্রতিষ্ঠানটিতে নিয়োগ পাওয়া কর্মীদের মধ্যে মাত্র ১৬ শতাংশ নারী। ওই প্রতিষ্ঠানে মাত্র ২৩ শতাংশ ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন নারী কর্মীরা।