‘প্রো’র বদলে ১৫ ও ১৭ ইঞ্চি ‘এয়ার’!
দীর্ঘদিন ম্যাকবুক প্রো মডেলের ল্যাপটপে কোনো পরিবর্তন আনেনি অ্যাপল। তবে প্রতিষ্ঠানটি শিগগিরই ম্যাকবুক প্রো মডেল বদলে ম্যাকবুক এয়ার মডেলের চেহারায় বাজারে আনতে পারে বলেই জানা গেছে। অ্যাপলের ম্যাকবুক এয়ার ক্রেতা পর্যায়ে সাড়া জাগিয়েছিল। বর্তমানে বাজারে থাকা ম্যাকবুক এয়ারের বড় সংস্করণটি ১৩.৩ ইঞ্চির। সম্প্রতি এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, ম্যাকবুক এয়ারের প্রচলিত আকারের চেয়ে আরও বড় আকারের একাধিক সংস্করণ তৈরির কাজে হাত দিয়েছে অ্যাপল। অ্যাপল হালকা-পাতলা মডেলের নোটবুক তৈরি করছে বলে দীর্ঘদিন ধরেই প্রযুক্তির বিশ্বে আলোচনা চলছে। নতুন মডেলের ম্যাকবুক এয়ার বর্তমানে বাজারে থাকা ম্যাকবুক এয়ারের চেয়ে আকারে বড় ও ফিচারের বিবেচনায় ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ারের চেয়ে এগিয়ে থাকবে। অবশ্য নতুন মডেলে বাদ পড়বে অপটিক্যাল ডিস্ক ও হার্ড ড্রাইভ। হার্ডড্রাইভের বদলে এতে ব্যবহূত হবে ফ্ল্যাশ মেমোরি। ২০১০ সালের অক্টোবর মাসে ১৩.৩ ইঞ্চি ও ১১.৬ ইঞ্চি মাপের ম্যাকবুক এয়ার এনেছিল অ্যাপল। ওই সময় অ্যাপলের সিইও স্টিভ জবস এ প্রসঙ্গে বলেছিলেন, ‘এটাই নোটবুকের ভবিতব্য।’ ২০১১ সালে এই ল্যাপটপের আপডেট এনেছিল প্রতিষ্ঠানটি। এতে যোগ হয়েছিল দ্রুতগতির প্রসেসর ও থান্ডারবোল্ট পোর্ট। সবচেয়ে পাতলা মডেলের ল্যাপটপ হিসেবে বাজারে আসার পর দ্রুত জনপ্রিয় হয় ম্যাকবুক এয়ার। এদিকে দীর্ঘদিন ম্যাকবুক প্রো মডেলে কাঠামোগত কোনো পরিবর্তন আনেনি অ্যাপল। কিন্তু সম্প্রতি সিনেট জানিয়েছে, ম্যাকবুক প্রো মডেলটিকে ম্যাকবুক এয়ারে রূপ দিতে পারে অ্যাপল। সাশ্রয়ী মূল্য ছাড়াও এতে যোগ হতে পারে দ্রুতগতির আইভিব্রিজ প্রসেসর।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডার সম্প্রতি এক তথ্যে জানিয়েছে, অ্যাপল সম্ভবত ম্যাকবুক প্রো ডিভাইসটির উত্পাদন বন্ধ করে ম্যাকবুক এয়ারের সাদৃশ্যে বিভিন্ন আকারে বাজারজাত করতে পারে। ম্যাকবুক প্রো লাইনের আপডেট হিসেবে ১৫ ও ১৭ ইঞ্চি—এই দুই আকারের ম্যাকবুক এয়ার আনতে পারে অ্যাপল।