'ফায়ার' স্মার্টফোন আনল আমাজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস নতুন ফায়ার ফোনের ঘোষণা দেন
আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস নতুন ফায়ার ফোনের ঘোষণা দেন

দীর্ঘ গুজবের অবসান ঘটিয়ে ফায়ার নামে স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে আমাজন। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের সিয়াটলে এক অনুষ্ঠানে চার দশমিক সাত  ইঞ্চি মাপের স্ক্রিনযুক্ত এই অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনটি উন্মুক্ত করেন আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস। বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার স্মার্টফোনটির বিশেষত্ব হচ্ছে এর ইউজার ইন্টারফেস, যাতে প্যারালাক্স ইফেক্ট ব্যবহার করা হয়েছে। আমাজন এই প্রযুক্তিটিকে বলছে ডাইনামিক পারসপেক্টিভ। এতে ফোনের স্ক্রিনে থ্রিডির মতো ছবি দেখতে পারবেন ব্যবহারকারীরা। এই ইউজার ইন্টারফেস তৈরিতে চারটি ফ্রন্ট ক্যামেরা ব্যবহৃত হয় যা ব্যবহারকারীর মাথা নড়াচড়া পর্যবেক্ষণ করে এবং সে অনুযায়ী পর্দায় ছবিটিকে ঠিকঠাক উপস্থাপন করে। এই ক্যামেরাগুলো ইনফ্রারেড ব্যবহার করে বলে অন্ধকারেও এই ইউজার ইন্টারফেস ব্যবহার করা যায়।

ফায়ার স্মার্টফোনটিতে হাই ডেফিনেশন ডিসপ্লে রয়েছে। এ ছাড়াও ২.২ গিগাহার্টজ প্রসেসর, দুই গিগাবাইট র‌্যাম ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনসহ সহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। স্টেরিও স্পিকারের পাশাপাশি এতে ডেডিকেটেড ক্যামেরা বাটনও থাকছে। উন্নত হার্ডওয়্যারের পাশাপাশি ফায়ার ফোন ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু ফিচার উন্মুক্ত করার কথা জানিয়েছে আমাজন কর্তৃপক্ষ।

ফায়ার ফোন ব্যবহারকারীরা ক্লাউড স্টোরেজে বিনামূল্যে আনলিমিটেড ছবি সংরক্ষণ করতে পারবেন। দশ লাখেরও বেশি গানে বিনামূল্যে অ্যাকসেস পাবেন ফোনের গ্রাহক। এই ফোনে ফায়ারফ্লাই নামে বিশেষ একটি ফিচার থাকবে যা ফোনের প্রাইমারি ক্যামেরা ব্যবহার করে কোনো বস্তু বা টিভি শো শনাক্ত করতে সক্ষম হবে এবং সে অনুযায়ী তথ্য ব্যবহারকারীর কাছে হাজির করতে সক্ষম হবে।

আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস বলেন, ‘আমাজন সম্পর্কে গ্রাহকের যা কিছু আগ্রহের সব কিছুই এই ফায়ার ফোনের মাধ্যমে হাতের মুঠোয় পাওয়া যাবে। আমাজনের বিশাল কনটেন্ট ইকোসিস্টেম থেকে শুরু করে মেডে বাটন, এএসএপি, সেকেন্ড স্ক্রিন, এক্সরে, ফ্রি আনলিমিটেড ফটো স্টোরেজসহ আরও অনেক কিছু থাকছে এই ফায়ার ফোনে।’

এই ফোনে আমাজন অ্যাপ স্টোরের সব অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে এমনকি সব অ্যান্ডয়েড অ্যাপও এই ফোনে সমর্থন করবে।

জুলাই মাস থেকে যুক্তরাষ্ট্রের টেলিকমিউনিকেশনস অপারেটর এটিঅ্যান্ডটি সঙ্গে দুই বছরের চুক্তিতে এই ফায়ার ফোন কেনা যাবে। দুই বছরের চুক্তিতে ৩২ গিগাবাইট সংস্করণের দাম পড়বে ১৯৯ মার্কিন ডলার ও ৬৪ গিগাবাইট সংস্করণটির দাম পড়বে ২৯৯ মার্কিন ডলার।