‘ফ্লেইম’ নিয়ে মাইক্রোসফটের সতর্কতা
মধ্যপ্রাচ্যে উইন্ডোজচালিত অনেক কম্পিউটারে ‘ফ্লেইম’ নামের একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে। মাইক্রোসফট করপোরেশন সম্প্রতি এই ভাইরাসটির বিষয়ে সতর্ক করে দিয়েছে। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্লেইম ‘বাগ’ বা ভাইরাসটি থেকে কম্পিউটার নিরাপদ রাখতে ইতিমধ্যে একটি সফটওয়্যার আপডেট বা প্যাচ অবমুক্ত করেছে মাইক্রোসফট।কম্পিউটার নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সম্প্রতি ছড়িয়ে পড়া ফ্লেইম নামের কম্পিউটার ভাইরাসটি ছদ্মবেশী ভাইরাস, যা গোপনে কম্পিউটার আক্রমণ করে তথ্য চুরি করে ও প্রয়োজনীয় তথ্য মুছে দেয়। ক্যাসপারস্কির ভাষ্য, ফ্লেইম ম্যালওয়্যারটি নেটওয়ার্কে আক্রমণ করে তথ্য চুরি করতে ও তথ্য মুছে দিতে সক্ষম। এ ছাড়া অন্যান্য ভাইরাসের চেয়ে এর কোড আলাদা হওয়ায় অ্যান্টিভাইরাস ব্যবহার করে এটি সরিয়ে ফেলা সম্ভব নয়।পাশাপাশি মাইক্রোসফটের বিভিন্ন কোড বা সফটওয়্যারের আদলে এই ভাইরাসটি আত্মগোপন করে থাকে কম্পিউটারে। ফলে ভাইরাসটি অ্যান্টিভাইরাসকে বিভ্রান্ত করে ফেলে।ক্যাসপারস্কির মতে, স্টাক্সনেট ও ডকুর পর কম্পিউটার ম্যালওয়্যার হিসেবে ফ্লেইমই সবচেয়ে বড় ঝুঁকির ‘বাগ’। এদিকে এক খবরে বিবিসি জানিয়েছে, মে মাসে নতুন এই ভাইরাসটির তথ্য জানা সম্ভব হয়েছে। ফ্লেইম নামের জটিল এই কম্পিউটার ভাইরাসটি ইরানের পরমাণু স্থাপনার তথ্য চুরি করতে সাইবার অস্ত্র হিসেবে ব্যবহূত হয়েছে। অবশ্য ইরানের দাবি তারা এই ম্যালওয়্যারটির প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলেছে।কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান এফ-সিকিউরের প্রধান গবেষণা কর্মকর্তা মিককো হিপোনেন জানিয়েছেন, ইরান ছাড়াও মধ্যপ্রাচ্যের অনেক দেশেই এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। তবে কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইকের বিশেষজ্ঞ অ্যাডাম মেয়ার্স বলেছেন, মাইক্রোসফট এই ভাইরাসটির বিষয়ে সচেতন হওয়ায় আশার আলো দেখা যাচ্ছে। ভাইরাসটির প্রকোপ রুখতে মাইক্রোসফট পদক্ষেপ নিচ্ছে।কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যাকুভান্টের প্রধান গবেষণা কর্মকর্তা রায়ান স্মিথ জানিয়েছেন, মাইক্রোসফট ফ্লেইম রুখতে পদক্ষেপ নেওয়ায় মাইক্রোসফটের কোড নকল করা, ‘ক্যামোফ্লেজ’ বা ছদ্মবেশ তৈরি করে ধোঁকা দেওয়ার পথ বন্ধ হয়ে যাবে।’মাইক্রোসফট জানিয়েছে, ফ্লেইম ভাইরাসটি বিষয়ে তারা গবেষণা অব্যাহত রেখেছে এবং ভাইরাসটি নির্মূলে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হবে। এদিকে, বিভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠানের গবেষকেরাও ফ্লেইম নিয়ে বিস্তর গবেষণা করছেন বলেই বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।মাইক্রোসফটের সতর্ক বার্তা দেখা যাবে এই লিংটিতে blogs.technet.com/b/msrc/