‘ফ্ল্যাশব্যাক’ ঠেকাবে ম্যাক
অ্যাপলের প্রায় ছয় লাখ কম্পিউটারে সম্প্রতি ‘ফ্ল্যাশব্যাক’ নামের একটি ট্রোজান ভাইরাস আক্রমণ করেছিল। ছদ্মবেশী এ ভাইরাসটির নিয়ন্ত্রণব্যবস্থা তৈরিতে কাজ করছে অ্যাপল। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তথ্য দিয়েছে তারা।৪ এপ্রিল রাশিয়ান অ্যান্টি ভাইরাস কোম্পানি ড. ওয়েবের বরাতে বিবিসি জানিয়েছিল, যুক্তরাষ্ট্র, কানাডাসহ সারা বিশ্বের প্রায় ছয় লাখ অ্যাপল কম্পিউটারে ফ্ল্যাশব্যাক নামের ট্রোজান ছড়িয়ে পড়েছে। এ ট্রোজান ভাইরাসটি অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার ইনস্টলারের ছদ্মবেশে কম্পিউটারে ঢুকে। অ্যাডোবির লোগো ব্যবহার করে কম্পিউটারে প্রবেশের পর কম্পিউটার নিরাপত্তাব্যবস্থাকে অচল করে দেয় এবং জাভা প্রোগ্রাম ল্যাংগুয়েজে কোড ইনস্টল করিয়ে নেয়। ফ্ল্যাশব্যাক কম্পিউটারে ঢোকার পর কম্পিউটারে সংরক্ষিত পাসওয়ার্ড, ইউজার নেমসহ অন্যান্য তথ্য চুরি করে এবং হ্যাকারের কাছে তথ্য পাচার করতে পারে।ফ্ল্যাশব্যাক ট্রোজান দমন করতে অ্যাপল বেশ কয়েকটি নিরাপত্তাপ্যাঁচ উন্মুক্ত করে। ওএসএক্স ১০.৬ ও ১০.৭ এবং ওএসএক্স লায়ন ২০১২-০০১ সংস্করণের জন্য উন্মুক্ত করা এসব প্যাঁচের পাশাপাশি ফ্ল্যাশব্যাক নিয়ন্ত্রণ ও দূর করার জন্য নতুন ব্যবস্থা তৈরি করা হচ্ছে বলে অ্যাপল ওয়েবসাইটে উল্লেখ করেছে।এদিকে বিশ্লেষকেরা বলছেন, অ্যাপলের তৈরি ম্যাক কম্পিউটারে ভাইরাস আক্রমণ করে না—এমনটাই ধারণা করতেন অনেকেই। কিন্তু ফ্ল্যাশব্যাকের আক্রমণে সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে। অবশ্য এতে অ্যাপলের দোষ দেখছেন না অনেকেই। তাঁরা মনে করছেন, এটি স্রেফ জাভার দুর্বলতা।অ্যাপলের নতুন এ নিরাপত্তাব্যবস্থা কবে নাগাদ উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানাননি অ্যাপলের কর্মকর্তারা।