'বচ্ছর ভালাও গেছে, খারাপও গেছে'

‘কেমন আর যাইব বচ্ছর। ভালাও গেছে, খারাপও গেছে। ফুটপাতো থাকি। বিষ্টির দিনে কষ্ট হইছে। রাতে খাই শুইছি হবাই। আতকা বিষ্টি শুরু হইল। জামাকাপড় ভিজ্জা শেষ। এখন শীত পড়তাছে। খ্যাতা গায় দিই। তাও শীত মানে না।’ কথাগুলো পথশিশু শফিকের। গত বছর কেমন কেটেছে?—প্রশ্নের জবাবে সে এসব কথা বলে। শফিকের বয়স নয়-দশ বছর হবে। নিজের বয়সটাও ঠিকমতো বলতে পারে না সে। রাজধানীর রামপুরার একটি ফুটপাতের ওপর শফিকের বসবাস। সঙ্গে থাকে মা আর দুই বছর বয়সী ছোট বোন। বাবা মারা গেছে বছর খানেক আগে। মা সারা দিন ভিক্ষা করে। তা-ই দিয়ে চলে তিনজনের খাওয়া-পরা।
শফিকের মতো সব পথশিশুর গল্প প্রায় একই রকম। চারদিকে অনেক পরিবর্তন ঘটলেও পথশিশুদের ভাগ্যের তেমন একটা পরিবর্তন ঘটেনি। অন্যান্য বছরের মতো গত বছরও তাদের কষ্টেসৃষ্টেই দিন কেটেছে।
কারওয়ান বাজারের পথশিশু রোজি আক্তার মূলত ট্রাক থেকে ভ্যানে সবজি নামানোর সময় যেসব সবজি পড়ে যায়, সেগুলো কুড়িয়ে বিক্রি করে। ১০ বছরের এই শিশুটি বলে, ‘বছরের কথা কী কমু, আমগো তো দিন যাইতে চায় না আর বছর কেমনে গেছে হে কইতে পারি না।’
আরেক পথশিশু মোশতাকও (১৫) এভাবে ঝরতিপড়তি শাকসবজি বিক্রি করে। সে বলে, ‘বছর গেছে কোনো রকম। গরিব মাইনষের আর থাকা। রাস্তার ধারে থাহি। রাস্তায় আমগো রান্ধন-বাড়ন। অনেক সময় মানুষের কাছ থেইক্যা চাইয়্যা খাই। ভালা ভালা খাওয়া খাইতে মন চায়। কিন্তু ট্যাকা নাই তাই খাইতে পারি না। তয় রোজার মাসে ভালা ভালা খানা খাইছি।’
বিজয় সরণির ফুটপাতে থাকে ফিরোজ মিয়া (১২)। বাবা নেই, মা অন্যত্র বিয়ে করেছে। ফিরোজ তার পর থেকে একা রাস্তায় ঘুরে বেড়ায়। রাতে খবরের কাগজ পেতে ফুটপাতে ঘুমায়। এক ব্যবসায়ী তাকে নিয়মিত তোয়ালে দেয় বিক্রির জন্য। রাতে হিসাব করে টাকা নিয়ে নেয়। চুক্তি তিন বেলা খাবারের টাকা দেবে। ফিরোজ বলে, ‘সারা বছর খুব খারাপ গেছে। এই বছর সবচেয়ে বেশি ককটেল ফুটতে দেখছি। হরতালের দিন খুব ডর লাগে। খ্যাতা মুড়ি দিয়া হুইয়া থাহি।’
মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রতিদিন ভিক্ষা করে রুমকি (৯)। বছর খানেক আগে ফেনী থেকে পালিয়ে আসে সে। এ বছর কেমন কেটেছে—প্রশ্নের উত্তরে সে বলে, ‘শেষ তিন মাসের কথা কইতে পারমু। এই তিন মাস ভালো ভিক্ষা পাইনি। হরতালে মাইনষ্যে কম বাইর হইছে। তাই ভিক্ষাও কম পাইছি। বেশির ভাগ দিন ককটেল মারতে হইব কইয়া অনেক ব্যাডা টাকা সাদছে, তয় আমি টাকা লই নাই। ভয়ে আমি পালাইয়া থাকছি আফা।’ রুমকি জানায়, গত মাসের শেষের দিনগুলা ভিক্ষা কম পাওয়ায় তাকে প্রায়ই না খেয়ে থাকতে হয়েছে। তবে রোজার মাসে ভালো ভিক্ষা এবং খাবারও পেয়েছে।
হাঁড়ি-পাতিল ধরার কাপড় বিক্রি করে শিশু লিলি। প্রতিদিন ধানমন্ডি ২৭ নম্বর সড়কে সে এগুলো বিক্রি করে। লিলি মায়ের সঙ্গে এই রাস্তায় থাকে। লিলি বলে, ‘আমাগো আর বছর কী? সারা দিন তো আমাগো কাম কইরা খাইতে হয়। বছর-টছরের হিসাব কইতে পারমু না। তয় গত দুই মাস আমার বিক্রিবাটা কম হইছে। হরতালের কারণে লোকজন কম বাইর হইছে, হের লাইগা বিক্রিও কম।’
এ ব্যাপারে ‘অপরাজেয় বাংলাদেশ’-এর নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু বলেছেন, ‘গত বছর শিশুরা আক্রান্ত হয়েছে রাজনৈতিক সহিংসতায়। হরতাল-অবরোধে পথশিশুরা খাবারদাবারের সংকটে পড়েছে। রাজনৈতিক কর্মকাণ্ডেও তাদের ব্যবহার করা হচ্ছে।’ তিনি আরও জানান, দেশে এই মুহূর্তে পথশিশুর সংখ্যা প্রায় সাড়ে চার লাখ। এদের বেশির ভাগেরই অবস্থান ঢাকায়। এর বাইরে অন্যান্য মহানগরেও রয়েছে পথশিশু। কিছু এনজিও পথশিশুদের কল্যাণে কাজ করে। এ ছাড়া বাকিদের যেন কোনো মাথাব্যথা নেই। সরকারের উচিত এই পথশিশুদের পুনর্বাসনে সহায়তা করা।