‘বাইদু’র বিরুদ্ধে অভিযোগ
চীনের সার্চ ইঞ্জিনের বাজার থেকে গুগলের বেরিয়ে যাওয়া ছিল গত বছর বিশ্বের প্রযুক্তিশিল্পের অন্যতম বড় ঘটনা। সরকারি খবরদারি ও হ্যাকিংয়ের অভিযোগে চীনের বাজার ত্যাগ করেছিল বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। এর পর থেকেই চীনা সার্চ ইঞ্জিন বাইদু পুরোপুরিই দখল করেছে বিশ্বের অন্যতম বৃহত্ ইন্টারনেট ব্যবহারকারী এই দেশটির সার্চ ইঞ্জিনের বাজার।তবে এই বাইদুই এখন বিভিন্নমুখী চ্যালেঞ্জের সম্মুখীন। বাইদুর বিরুদ্ধে অভিযোগ এসেছে, এর প্ল্যাটফর্মে খুব সহজেই অবৈধ ও ভুয়া ওয়েবসাইটগুলোর ঠিকানা রেজিস্ট্রার করা যায়। এবং এর মাধ্যমে বিভিন্ন প্রতারণারও সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। বাইদুর বিরুদ্ধে এই অভিযোগ জনসম্মুখে তুলে ধরেছে খোদ চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি। তারা এ ব্যাপারে কঠোর আইন ও সরকারের হস্তক্ষেপও দাবি করেছে।হংকংয়ের ক্রেডিট সুইসি নামের একটি প্রতিষ্ঠানের বিশ্লেষক ওয়ালেস চিউং তাঁর এক প্রতিবেদনে বলেন, ‘যেহেতু বাইদুর বিরুদ্ধে অভিযোগটি এখন জনসম্মুখে। এবং চীনের সার্চ ইঞ্জিনের বাজারে ভোক্তাদের অর্থ ব্যয় করতে হয়। তাই এ ব্যাপারে অচিরেই একটি সরকারি তদন্ত প্রত্যাশিত।’মঙ্গলবার প্রায় আধা ঘণ্টা ধরে প্রচারিত সিসিটিভির সেই প্রতিবেদনে দেখা যায়, একজন প্রতিবেদক ছদ্মবেশে বাইদুর একজন কর্মকর্তার কাছে গিয়ে জানতে চাচ্ছেন, কীভাবে তাঁদের সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন সরকারি বিধি-নিষেধ এড়িয়ে অনলাইনে তুলে ধরা যায়।চীনের শীর্ষ ইংরেজি সংবাদপত্র পিপলস ডেইলি এক প্রতিবেদনে লিখেছে, ‘আমরা যেমন খাওয়ার জন্য বাঁচি না, ঠিক তেমনি বাইদু কেবল অর্থের জন্য যা খুশি তাই করে যেতে পারে না।’ চীনে সার্চ ইঞ্জিনের বাজার সাম্প্রতিক সময়ে প্রায় ৬২ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে। এরমধ্যে বাইদুর দখলেই দেশটির মোট সার্চ ইঞ্জিনের ৭৬ শতাংশ বাজার। পুরো বাজারটি প্রায় ৬৬৫ মিলিয়ন মার্কিন ডলারের। এই তথ্য তুলে ধরেছে বেইজিং-কেন্দ্রিক একটি প্রযুক্তি বিশ্লেষক প্রতিষ্ঠান।সিসিটিভিতে এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর চীনা শেয়ারবাজারে বাইদুর শেয়ারের দাম কমে গেছে প্রায় এক-দশমাংশ হারে। রয়টার্স।