
বাস, রিকশা, অটোরিকশা, গাড়ি—সব ছুটছে। সবার মধ্যেই তড়িঘড়ি। ঠিক সেই মুহূর্তে জ্বলে উঠল লাল বাতিটা। নিভেছে সবুজ বাতি। গাড়িগুলো দাঁড়িয়ে পড়ল সারিবদ্ধভাবে। পান্থপথ মোড়ের সিগন্যালের এটা রোজকার রুটিন। ২৩ জুলাই বেলা দুইটায়ও এর ব্যত্যয় ঘটল না। দেখলাম, গাড়িগুলো থামতেই হকার, ভিক্ষুকদের আনাগোনা বেড়ে গেল গাড়িগুলোকে ঘিরে। কেউ পত্রিকা বিক্রি করছে, কেউ ডজন ডজন লেবু, কেউ আবার উপযাচক হয়ে দামি গাড়িগুলোর কাচ মুছে দিচ্ছে। বিনিময়ে যদি দুটো টাকা মেলে, এই আশায়। এরই মধ্যে কেউ আবার একেবারেই শূন্য হাত বাড়িয়ে দেয় গাড়ির জানালার দিকে। এমনি একটি মেয়েকে দেখলাম একটা গাড়ির কাচে মুখ বাড়িয়ে দিচ্ছে। তার পেছনে দাঁড়িয়ে আছে তার চেয়েও কম বয়সী দুটি শিশু। নেমে গেল গাড়ির কাচটা। ভেতর থেকে একজন দোয়েল পাখির ছাপ মারা দুই টাকার একটি নোট বাড়িয়ে দিল। টাকাটা হাতে নিয়েই আর দাঁড়াল না মেয়েটি। অন্য গাড়ির দিকে ছুটল। কিন্তু এবার বিধি বাম! সিগন্যালের সবুজ বাতিটা জ্বলে উঠেছে। সব কটি গাড়ি যেন একসঙ্গে আবার নড়ে উঠল। মেয়েটি মুহূর্তের জন্য সিগ্যনাল বাতির দিকে তাকাল। তারপর অন্য দুটি শিশুকে নিয়ে ফুটপাতে উঠে এল।এগিয়ে গিয়ে কথা বলি ওর সঙ্গে। নাম কী, জিজ্ঞেস করতেই মিষ্টি হেসে জবাব দেয়—‘সীমা’। সীমার বয়স সাত বছর। অন্য দুজন ওর ছোট দুই বোন। মেজটি শিখা আর ছোটটির নাম নাদিরা। নাদিরার বয়স সবে চার। কৌতূহলে জিজ্ঞেস করলাম, ‘এই বয়সে ওকে দিয়ে ভিক্ষা করাচ্ছ?’অবাক হয় সতেজ চোখজোড়া। ‘ক্যান? আমি তো ওর সমান বয়সেই এই কাম করছি।’এ কাজ করছ কেন, জিজ্ঞেস করতেই যেন বাঁধন খুলে দিল কথার ঝুড়ির। ‘আমার বাপ তো দারোয়ান। বেতন কম পায়। পাঁচ হাজার টেকা। সংসার তো চলে না। এর লাইগ্যা বাবা কইছে আমাগো তিন বইনরে ভিক্ষা করতে।’
তোমার মা কী করেন?
‘মায় ঘরে থাকে। রান্দেবাড়ে।’
তুমি পড়ালেখা করো?
‘হ, করি। কাঁঠালবাগান এনজিও ইশকুলে পড়ি শিশু শ্রেণীতে। আমার বইনও ওই ইশকুলেই পড়ে।’
সীমা জানায়, তার সব সহপাঠীই ভিক্ষা করে। ওর স্কুল সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত। তারপর বাড়ি ফিরে কোনো রকমে মুখে কিছু দেয়। তারপর দে ছুট পান্থপথে। সন্ধ্যা পর্যন্ত ওরা সিগন্যালেই ভিক্ষা করে। সন্ধ্যার পর সবাই বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে দাঁড়ায়। এরই মধ্যে সাতটা-আটটার দিকে এসে সীমার মা শপিং মলের খানিক দূরে ফুটপাতে বসে থাকেন। মেয়েরা খানিক পর পর এসে তাঁর হাতে টাকা দিয়ে যায়। তারপর রাত ১১টায় তিনি বাড়ি ফেরেন তিন মেয়েকে সঙ্গে নিয়ে।
জিজ্ঞেস করলাম, কত টাকা পাও প্রতিদিন?
এবার মিটিমিটি হাসে সীমা, ‘তিন বইনে মিল্যা পাই দুই শ-আড়াই শ টেকা।’ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে শিখা। ‘মিছা কতা, মিছা কতা। ৩০০-৪০০ টেকা হয়। আর এহন রোজার সময় আরও বেশি পাই।’ তারপর বড় বোনকে দেখিয়ে বলে, ‘বইনে বেশি পায় না। আমি বেশি পাই। মায় শিখাইয়া দেয়, তা-ও বইনে ভালা কইর্যা কইতে পারে না। আমি গিয়া কই, ভাই দুইডা টেকা দেন, ভাত খামু! তহন মায়া কইর্যা গাড়ির লোকেরা টেকা দেয়।’
বোনের দিকে তাকিয়ে লজ্জায় মুখ নিচু করে সীমা। চোখেমুখে অপারগতার গ্লানি।
তোমাদের বয়সী বাচ্চাদের দিয়ে যারা ভিক্ষা করাবে, তাদের সাজা হবে—এখন যে এ আইন হয়েছে জানো? তোমার বাবার তো শাস্তি হবে তোমাদের দিয়ে এ কাজ করালে।
কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর বলে, ‘বাবায় তো আইনের কথা কিছু জানে না। কেউ তো কিছু কয় নাই।’ অকপট উত্তর দেয় সীমা।
‘আর ভিক্ষা না করলে আমরা খামু কী? কাম না করলে চলব না।’
এ রকম বাস্তবতায় কিছুই বলা চলে না। তাই মাথায় হাত নেড়ে বলি, বড় হয়ে তুমি কী কাজ করবে?
এবার হেসে ফেলে সীমা। বলে, ‘বড় হইয়্যা ভিক্ষাই করুম।’ পাশ থেকে দুই বোন শিখা ও নাদিরা মাথা নেড়ে তাদের সম্মতি জানায়।