‘বারাক ওবামা’ মাছ!
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নামে স্বাদু পানির নতুন এক প্রজাতির মাছের নামকরণ করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা ডারটার মাছ নামে পরিচিত বর্ণিল মাছের পাঁচটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। গার্ডিয়ানে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।বারাক ওবামাসহ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট টেডি রুজভেল্ট, জিমি কার্টার, বিল ক্লিনটন ও সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের নামে এই পাঁচ প্রজাতির নামের নামকরণ করা হয়েছে। পরিবেশ বিপর্যয় রোধ ও সংরক্ষণে বারাক ওবামার অবদান হিসেবে মাছের নামকরণের ক্ষেত্রে তাঁর নাম বেছে নিয়েছেন বিজ্ঞানীরা। কই জাতীয় মাছ হিসেবেই ডারটারের পরিচিতি রয়েছে। যুক্তরাষ্ট্রের আলবামা ও টেনেসি অঞ্চলের ছোটো খাড়িগুলোতে এ প্রজাতির মাছ পাওয়া যায়। এখন পর্যন্ত প্রায় ২০০ প্রজাতির ডারটার আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এ জাতীয় মাছ খরস্রোতা নদীগুলোতে পাথর বা তলানির নিচে বসবাস করে।গবেষকেরা জানিয়েছেন, বারাক ওবামার নামে নামকরণ করা মাছটি বর্ণিল ধরনের। এ জাতীয় পুরুষ মাছের শরীরে উজ্জ্বল কমলা রঙের সঙ্গে নীল ফোটা, ডোরাকাটা দাগ দেখতে পাওয়া যায়। এ মাছ ৪৮ মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। তবে মাছের নারী প্রজাতি পুরুষের চেয়ে আকারে ছোটো হয়।