‘বিবি ১০’ লাইসেন্স বিক্রি করবে রিম
ব্ল্যাকবেরি স্মার্টফোন নির্মাতা রিমের নতুন অপারেটিং সিস্টেম ‘ব্ল্যাকবেরি ১০’ বা ‘বিবি১০’ তৈরির কাজ প্রায় শেষের দিকে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা থ্রস্টেন হেইন্স জানিয়েছেন, ট্যাবলেট ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের কাছে শিগগিরই ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেম লাইসেন্স দেওয়া শুরু হবে। এক খবরে জানিয়েছে ব্লুমবার্গ।থ্রস্টেন হেইন্স জানিয়েছেন, ‘বিবি১০’ অপারেটিং সিস্টেম তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে। এই অপারেটিং সিস্টেমটি রিম ছাড়াও অন্যান্য নির্মাতা প্রতিষ্ঠান তাঁদের বিভিন্ন পণ্যে কিভাবে কাজে লাগাতে পারবে তা নিয়ে কাজ চলছে। রিমের তৈরি ‘কিউএনএক্স’ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে যেভাবে লাইসেন্স ছাড়া হয়েছে ‘বিবি১০’-এর ক্ষেত্রেও লাইসেন্স ছাড়া হবে।উল্লেখ্য, ২০১৩ সালের শুরুর দিকে বিবি১০ নির্ভর স্মার্টফোন ও ট্যাবলেট বাজারে আনার পরিকল্পনা করেছে রিম। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ও অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়া রিমের জন্য বিবি১০ নির্ভর পণ্যই শেষ সুযোগ। বাজারে এ অপারেটিং সিস্টেমটির পণ্য জনপ্রিয় না হলে রিমের বর্তমান দুর্দশা আরও বাড়বে। প্রতিষ্ঠানটিকে তার সফটওয়্যার বিভাগটি বিক্রিও করে দিতে হতে পারে। এদিকে রিমের সফটওয়্যার বিভাগটি কিনতে ইতোমধ্যেই আগ্রহ দেখিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম)।