শহীদ পুলিশ স্মৃতি কলেজের দেয়াল ঘেঁষে ফুটপাত। সেখানে দাঁড়িয়ে ভেতরের কিছু একটা দেখার চেষ্টা করছেন মিরপুর ১১ নম্বরের বাসিন্দা খুরশিদ আনোয়ার। তাঁর পাশে দাঁড়িয়ে আরও কয়েকজন। কী দেখছেন প্রশ্ন করতেই খুরশিদ বললেন, ‘ইন্টারনেটের ব্যবহার জানাটা খুবই জরুরি। গুগলে সার্চ দিয়ে পাওয়া যায় না—এমন কিছু নেই। তাঁর সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছেলেকে এটা শিখিয়েছেন। এখন সে যা মনে আসে লিখে সার্চ দেয়। আমাকে নতুন নতুন তথ্য দিয়ে মজা করে।’এ তো গেল কলেজের বাইরের চিত্র। আর ভেতরে তখন হাজারো শিক্ষার্থীর আনন্দ উৎসব চলছে। গতকাল মঙ্গলবার শহীদ পুলিশ স্মৃতি কলেজে উপস্থিত হয় রাজধানীর ১৩টি স্কুলের শিক্ষার্থীরা। দিনভর ইন্টারনেট ব্যবহার, প্রতিযোগিতা ও উৎসব করে কাটিয়েছে তারা। মনিপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রাইসা চৌধুরীকে বেশ ছোটাছুটি করতে দেখা যায়। প্রতিযোগিতার প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছে সে। রাইসা প্রথম আলোকে বলে, ‘খুব ভালো লাগছে। বাসায় ইন্টারনেট ব্যবহার করি। মুঠোফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারে বিশ্ব চলে এসেছে হাতের মুঠোয়।’ কলেজ ভবনের পাশের মাঠের মাঝখানে মঞ্চ। দুই পাশে প্রথম আলো, গ্রামীণফোন, নকিয়া, ফেসবুকসহ নানা সহযোগী প্রতিষ্ঠানের কয়েকটি স্টলে বিভিন্ন ধরনের জমজমাট আয়োজন। যেসব শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি, তাদের জন্য ছিল ‘হ্যাপিনেস মেশিন’, ‘ম্যাজিক মিরর’ ও ‘এক্সপেরিয়েন্স জোন’। শিক্ষার্থীরা সেগুলোতে অংশ নিচ্ছে, উপভোগ করছে। মঞ্চ থেকে গান বাজছে, ‘এসো পৃথিবীর পাঠশালায়/ পৃথিবী যে ডাকছে তোমায়/ ইন্টারনেটের এই উৎসবে/ তোমার প্রতিভার অভিষেক হবে...।’গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের আয়োজন চলছে দেশের বিভিন্ন অঞ্চলে। এ বছর ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই উৎসব করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল উৎসব হলো ঢাকা, খুলনা, নাটোর, ব্রাহ্মণবাড়িয়া ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।গ্রামীণফোন ও প্রথম আলোর যৌথ আয়োজনে এ উৎসবের সহযোগী হিসেবে রয়েছে সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি। সহায়তা দিচ্ছে গুগল, অপেরা, নকিয়া, ফেসবুক, চ্যানেল আই ও রেডিও ফুর্তি। উৎসবের ব্যবস্থাপনা সহযোগিতা করছে এশিয়াটিক ইভেন্ট মার্কেটিং লিমিটেড। প্রথম আলো বন্ধুসভার সদস্যদের সহযোগিতায় সম্পন্ন হচ্ছে দেশজোড়া এই উৎসবের বিপুল কর্মযজ্ঞ।শহীদ পুলিশ স্মৃতি কলেজের উৎসবে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো এস ও এস হারমেন মেইনার কলেজ, বনফুল আদিবাসী গ্রিনহার্ট স্কুল, আদর্শ স্কুল, স্কলাসটিকা স্কুল অ্যান্ড কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট স্কুল, বিএএফ শাহীন কলেজ, হিড ইন্টারন্যাশনাল স্কুল, চেরি ব্লসম ইন্টারন্যাশনাল স্কুল, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মনিপুর উচ্চবিদ্যালয়, বিএন কলেজ, বীর উত্তম লে. শহীদ আনোয়ার গার্লস কলেজ এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। লড়াই শেষে জয়ের পদক তুলে নিয়ে আই-জিনিয়াস খেতাব পেল বিএএফ শাহীন স্কুল ও কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র গাজী সালাউদ্দিন। এর আগে সকাল নয়টায় প্রতিযোগিতার জন্য নাম নিবন্ধন শুরু হয়। প্রাথমিক বাছাইয়ে ১৫০ জন প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্ত পর্বের জন্য ৫০ জন আসে। তাদের মধ্য থেকে পরের ধাপে সেরা ১০ এবং সেখান থেকে সালাউদ্দিন নির্বাচিত হলো আই-জিনিয়াস। সে ভবিষ্যতে তথ্য ও প্রযুক্তি খাত নিয়ে কাজ করতে চায় বলে জানাল। অনুষ্ঠানের শেষ ভাগে বিজয়ীদের মধ্যে বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। সকাল ১০টায় অনুষ্ঠানের শুরুতে শহীদ পুলিশ স্মৃতি স্কুলের অধ্যক্ষ সৈয়দ মনিরুল ইসলাম বললেন, জ্ঞানের পৃথিবী এখন উন্মুক্ত। না জানলে শিক্ষার্থীকে পিছিয়ে পড়তে হবে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশকে এগিয়ে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, প্রথম আলো পত্রিকার পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মেলাতে হলে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। অনুষ্ঠানে গ্রামীণফোনের এরিয়া ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম ও ঢাকা অঞ্চলের ম্যানেজার (ট্রেড মার্কেটিং) আয়শা খাতুন উপস্থিত ছিলেন।আমাদের খুলনা অফিস জানায়, খুলনা জিলা স্কুলে উৎসব শুরু হয়। আই-জিনিয়াস নির্বাচিত হয়ে ওই স্কুলের নবম শ্রেণীর ছাত্র মো. শাফায়াত জামীল বলল, ইন্টারনেট ব্যবহার করে অনেক কিছু করা সম্ভব। উৎসবের উদ্বোধন করে শপথবাক্য পাঠ করান স্কুলের প্রধান শিক্ষক মালেকা বেগম। বক্তব্য দেন গ্রামীণফোনের আঞ্চলিক কর্মকর্তা আমিতাভ চন্দ্র দাস, বিএল কলেজের গণিতের অধ্যাপক গোলাম রব্বানী, ডিজিটাল বাংলাদেশ ফোরাম-খুলনার আহ্বায়ক শেখ আব্দুল কাইয়ূম, মাধ্যামিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক টি এম জাকির হোসেন, প্রথম আলোর খুলনার নিজস্ব প্রতিবেদক শেখ আবু হাসান, খুলনা বন্ধুসভার সভাপতি সজীব মহলী। উৎসবে খুলনার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো খুলনা জিলা স্কুল, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা সরকারি বালিকা বিদ্যালয়, সেনহাটি উচ্চবিদ্যালয়, সরকারি এমএম সিটি কলেজ, সরকারি সুন্দরবন মহাবিদ্যালয়, সরকারি বিএল কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়, সরকারি মহিলা কলেজ, নেভি স্কুল ও কুয়েট স্কুল। নাটোর প্রতিনিধি জানান, সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসব শুরু হয়। এরপর শিক্ষার্থীরা ইন্টারনেট উৎসব শপথবাক্য পাঠ করে। নিবন্ধিত শিক্ষার্থীরা অংশ নেয় প্রতিযোগিতায়। স্কুল ক্যাম্পাসে প্রতিযোগিতার উদ্বোধন করে নাটোর দিঘাপতিয়া এমকে ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রাজ্জাক বলেন, ‘ইন্টারনেট এমনই এক শক্তি যার গন্তব্য অসীম। এটি একটি অভিযান বা অভিযাত্রা। যেখানে যুক্ত হলে অফুরন্ত জ্ঞান অর্জন সম্ভব। এটা জ্ঞানপিপাসুদের জন্য উত্তম আশ্রয়স্থল।’ বক্তব্য দেন গ্রামীণফোনের কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন ও নাটোর বন্ধুসভার সভাপতি মামুনুর রশিদ। উৎসবে যোগ দেয় নাটোরের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো, নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়, নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, এনএস সরকারি কলেজ, রানি ভবানি সরকারি মহিলা কলেজ, দিঘাপতিয়া এমকে ডিগ্রি কলেজ, মহারাজা উচ্চবিদ্যালয়, শেরেবাংলা উচ্চবিদ্যালয়, নববিধান বালিকা উচ্চবিদ্যালয়, পিএন উচ্চবিদ্যালয়, নাটোর সিটি কলেজ, নাটোর কারিগরি উচ্চবিদ্যালয়, নাটোর চিনিকল উচ্চবিদ্যালয়, সিংড়া দমদমা পাইলট উচ্চবিদ্যালয়, গ্রিন একাডেমি, শেরকোল সমজান উচ্চবিদ্যালয় ও নাটোর কালেক্টরেট উচ্চবিদ্যালয়। অনুষ্ঠান পরিচালনা করেন গ্রামীণফোনের কর্মকর্তা সারোয়ার পারভেজ ও ময়মনসিংহ বন্ধুসভার নাহিদ মণ্ডল। উৎসব শেষে প্রতিযোগীরা নাটোরের ঐতিহ্যবাহী উত্তরা গণভবন ঘুরে দেখে। আই-জিনিয়াস নির্বাচিত হয়ে নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সিদ্দিক ইবনে ওয়াহেদ বলে, ‘মোবাইলের ভেতর যে এত কিছু আগে জানতাম না।’ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর মো. জান্নাতুল হুদা। সে বলে, ‘ছোট একটি মোবাইলের ভেতর যে এত কিছু তা আগে জানতাম না। আজ নতুন এক জগৎ চিনলাম। ইন্টারনেটের এই জগৎটাকে জয় করতে চাই।’ সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মোস্তফা জালাল জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন। এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে, আইডিয়াল রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ, আশুগঞ্জ সার কারখানা স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট মডেল গার্লস হাইস্কুল, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রামীণফোনের ব্যবস্থাপক নুরুজ্জামান খান, চাঁদপুর অঞ্চলের ব্যবস্থাপক আহসান হাবীব, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি শাহীন মৃধা ও মিরসরাই বন্ধুসভার সদস্য মহিবুল আরিফ এবং গ্রামীণফোনের কর্মকর্তা নুরুল আফসার। আই-জিনিয়াসসহ সেরা ১০ জনকে মেডেল পরিয়ে দেওয়া হয়। পীরগঞ্জ প্রতিনিধি জানান, উপজেলার ছয়টি কলেজ এবং চারটি স্কুলের শিক্ষার্থীরা গতকাল পীরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইন্টারনেট উৎসবে অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে পীরগঞ্জ সরকারি কলেজ, পীরগঞ্জ মহিলা কলেজ, ডিএন ডিগ্রি কলেজ, লোহাগাড়া কলেজ, জাবরহাট ডিগ্রি কলেজ, পীরগঞ্জ আদর্শ টেকনিক্যাল বিএম কলেজ, পীরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়, পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়, জাবরহাট উচ্চবিদ্যালয় এবং ভোমরাদহ উচ্চবিদ্যালয়। শুরুতে শপথবাক্য পাঠ করিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহমান। বন্ধুসভার সহসভাপতি মো. বদরুল হুদার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রামীণফোনের রিজিওনাল বিক্রয় ব্যবস্থাপক সামিউল হক, বন্ধুসভার সভাপতি মো. নজরুল ইসলাম এবং প্রথম আলোর পীরগঞ্জ প্রতিনিধি কাজী নুরুল ইসলাম। কুইজ পরিচালনা করেন সামিউল হক। দ্বিতীয়বারের মতো পীরগঞ্জ থেকে আই-জিনিয়াস হয়েছে সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মনোয়ার জাহান মুফাদ।