'বেন্ডগেট' নিয়ে অ্যাপলের জবাব

পকেটে রাখা আইফোন ৬ প্লাস সামান্য চাপেই বেঁকে যাচ্ছে। অ্যাপলের বড় আকারের এ ফোনটি নিয়ে কয়েকজন ক্রেতার এমন গুরুতর অভিযোগের পরও মুখ বন্ধই রেখেছিল অ্যাপল। কিন্তু সামাজিক যোগাযোগের ওয়েবসাইটসহ বিভিন্ন ব্লগে অ্যাপলের ফোন বেঁকে যাওয়ার ঘটনাটি ‘বেন্ডগেট’ নামে যখন শোরগোল তুলেছে তখন আর নিশ্চুপ থাকেনি প্রতিষ্ঠানটি। অ্যাপল এ-সংক্রান্ত অভিযোগের জবাব দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২৪ অক্টোবর নতুন দুটি পণ্য নিয়ে রীতিমতো হোঁচটই খেয়েছিল অ্যাপল। আইফোন৬ প্লাস ক্রেতারা অভিযোগ করেছিলেন যে, তাঁদের প্যান্টের পকেটে সামান্য চাপেই বেঁকে যাচ্ছে ফোন। অপরদিকে অপারেটিং সিস্টেমের ত্রুটির কারণে মোবাইলে নেটওয়ার্ক সংযোগ পেতে সমস্যা হচ্ছে বলে আইওএস ৮ এর আপডেট সরিয়ে নিয়েছিল অ্যাপল।

সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে অ্যাপলের এই দুটি সমস্যাকে ‘বেন্ডগেট’ বলা হচ্ছে। ২০১০ সালে আইফোন ৪ ব্যবহারকারীরাও আইফোনের অ্যান্টেনার সমস্যায় পড়েছিলেন। তখন অ্যাপলের এই সমস্যাটিকে নাম দেওয়া হয় ‘অ্যান্টেনাগেট’। অ্যান্টেনাগেট থেকেই এবার বেঁকে যাওয়ার সমস্যাটি সামাজিক যোগাযোগের সাইটগুলোতে বেন্ডগেট হিসেবে পরিচিতি পেয়েছে।
যাঁরা আঁটসাঁট জিনসের প্যান্ট পরেন তাঁদের ক্ষেত্রে ফোন বেঁকে যেতে পারে বলেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে শেয়ার করা বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। অনেকেই বলছেন, অত্যন্ত হালকা অ্যালুমিনিয়াম দিয়ে কাঠামো তৈরি হওয়ায় ফোন বেশি নাজুক হয়ে গেছে।
এদিকে এই বেন্ডগেট প্রসঙ্গে অ্যাপল জানিয়েছে, ‘সাধারণ ব্যবহারের ক্ষেত্রে আইফোন বেঁকে যাওয়ার ঘটনা খুবই দুর্লভ। ১৯ সেপ্টেম্বর থেকে আইফোন বিক্রি শুরু হওয়ার পর এখন পর্যন্ত নয়জন ক্রেতা আইফোন বেঁকে যাচ্ছে বলে তাঁদের বাঁকানো ফোনসহ অ্যাপলের কাছে অভিযোগ করেছেন।
অ্যাপলের মুখপাত্র ট্রুডি মুলার বলেছেন, আইফোন তৈরিতে ব্যবহার করা হয়েছে টাইটেনিয়াম ও স্টেইনলেস স্টিল এবং শক্তিশালী কাচ।
এদিকে কাস্টমাইজ আইফোন নির্মাতাপ্রতিষ্ঠান গোল্ডজিনের প্রধান নির্বাহী লাবান রুমস বলেন, ‘আপনি যদি প্যান্টের পেছনের পকেটে আইফোন রেখে এর ওপর দীর্ঘক্ষণ বসে থাকেন তবেই আইফোন বেঁকে যেতে পারে।’

অবশ্য ত্রুটিপূর্ণ সফটওয়্যার আপডেট নিয়ে ক্ষমা চেয়েছে অ্যাপল। ট্রুডি মুলার বলেছেন, ‘গ্রাহকদের অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য দুঃখ প্রকাশ করছি। আইওএস ৮ অপারেটিং সিস্টেমের আপডেট ৮.০.১ সংস্করণটি তুলে নিয়ে বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে।’
অবশ্য যাঁদের আইফোন বেঁকে গেছে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁরা নতুন আইফোন হাতে পাবেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব। আইফোন ব্যবহারকারীদের ওয়ারেন্টি সেবাদাতা প্রতিষ্ঠান স্কয়ারট্রেড জানিয়েছে. ‘বেঁকে যাওয়ার মতো পাতলা করে আইফোন তৈরি করা হয়নি। শিগগিরই ফোন বেঁকে যায় কি না, তা পরীক্ষা করে দেখা হবে।’
সম্প্রতি আনবক্স থেরাপি নামে পণ্য রিভিউয়ের একটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে ‘বেন্ড টেস্ট’ নামের ভিডিও প্রকাশিত হওয়ার পর তা দ্রুত জনপ্রিয় হয়েছে।
অ্যাপলকে খোঁচা
আইফোন বেঁকে যাওয়ার বিষয়টি নিয়ে অ্যাপলকে খোঁচা দিয়েছে প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও ব্ল্যাকবেরি। এক টুইটে স্যামসাং তাদের নতুন স্মার্টফোন সামান্য বাঁকানো নকশার গ্যালাক্সি নোট এজের ছবি দিয়ে টুইটে বলেছে ‘কার্ভড নট বেন্ড’। এদিকে ব্ল্যাকবেরিও অ্যাপলকে খোঁচা দিয়েছে। অ্যাপলের প্রধান নির্বাহী জন চেন ‘পাসপোর্ট’ নামে নতুন ফোন উদ্বোধনের সময় মন্তব্য করেছেন ‘পাসপোর্ট বাঁকা করার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি।’
১৯ সেপ্টেম্বর থেকে আইফোন বিক্রি শুরু হওয়ার পর প্রথম তিন দিনেই এক কোটি আইফোন ৬ ও ৬ প্লাস বিক্রির রেকর্ড গড়েছে অ্যাপল।