‘বোল্ট!’ গেমেও রেকর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের অলিম্পিকের মহানায়ক জ্যামাইকার উসাইন বোল্টের কীর্তির কথা তো সবারই জানা হয়ে গেছে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দুই হাত ভরে পেয়েছেন তিনি। পর পর দুই অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে এবং ৪x১০০ মিটার দলগত রিলে—তিনটি ইভেন্টেই সোনা জয়ের রেকর্ড গড়েছেন। ১০০ ও ২০০ মিটারের বিশ্ব রেকর্ডও তাঁর। অ্যাথলেটিকসের কিংবদন্তি উসাইন বোল্টের কীর্তি যখন মাঠে ইতিহাস গড়ছে, তখন তাঁর নামের মোবাইল ফোন গেম আইফোন ও আইপ্যাডের অ্যাপ্লিকেশন হিসেবেও রেকর্ড গড়েছে। ‘বোল্ট!’ নামের বিনা মূল্যের গেমটি তাঁর ৪x১০০ মিটার দলগত রিলের দিনে ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে। এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।গেমটি তৈরি করেছে উসাইন বোল্টের পার্টনার কোম্পানি রকলাইভ। এ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জন শাহিদি জানিয়েছেন, অ্যাপ্লিকেশনটি এখন প্রতি সেকেন্ডে একবার করে ডাউনলোড হচ্ছে। জুলাই মাসে অ্যাপ স্টোরে প্রকাশিত ‘বোল্ট!’ নামের এই অ্যাপ্লিকেশনের বেশির ভাগই নতুন ব্যবহারকারী। বিভিন্ন দেশ থেকে গেমটি ডাউনলোড করা হচ্ছে। এদিকে, অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে সোনা জেতার পর মাইক্রোব্লগিং সাইট টুইটারে ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছেন বোল্ট, যা এবারের অলিম্পিকের সময় সামাজিক যোগাযোগের ক্ষেত্রে অ্যাথলেট হিসেবে তাঁর আরেকটি রেকর্ড। আর ২০০ মিটারের সোনা জয়ের পর প্রতি মিনিটে গড়ে ৮০ হাজার টুইট করেছে বোল্ট-ভক্তরা। টুইটারের পর গেমের ক্ষেত্রেও রেকর্ড করলেন বোল্ট।‘বোল্ট!’ গেম তৈরি প্রসঙ্গে উসাইন বোল্ট বলেছিলেন, ‘গেমটি তৈরিতে আমি প্রত্যক্ষভাবে কাজ করেছি। গেম তৈরির সময় এবং এটি পরীক্ষামূলকভাবে চালানোর সময়ও আমি এর নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি।’প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, সারা বিশ্বে অ্যাথলেটরা নিজেদের ছড়িয়ে দিতে নতুন মাধ্যম হিসেবে নিজেদের ব্র্যান্ডের গেম তৈরি করছেন।‘বোল্ট!’ গেমটির লিংক হলো, http://itunes.apple.com/us/app/bolt!/id539693368?mt=8