'ব্যাটায় আমার হগল ট্যাকা লইয়া যায়'

কী করছেন?
এই যে ফুল বেচতেছি। পূজার ফুল। ফুল বেইচাই সংসার চালাই।
আপনার স্বামী কী করেন?
প্রশ্ন শুনে হেসে কুটি কুটি হয়ে পড়েন মীনা রানি। বলেন, ‘মাইয়্যাডার বয়স বছর খানেক হইলেই স্বামী আমারে বাড়ির থন বাইর কইরা দিছে। আর আমারে নেয় নাই। তয় পোলাডা হওনের আগে মধ্যে মধ্যে আমার লগে থাকত, অহন তাও আর থাহে না।’
আবার বুঝি বিয়ে করেছে? এ প্রশ্নের জবাবে মীনা বলেন, ‘বিয়া করে নাই। কাম-কাইজ করে না, আড্ডা মাইরা বেড়ায়। আর আমার কামাইত ভাগ বহায়। এই বাজারে আইয়া, রাস্তায় খাড়ায়া থাইকা জোর কইরা ব্যাটায় আমার হগল ট্যাকা লইয়া যায়। ট্যাকা না দিলে মাইর দেয়। মাইনষের সামনেই মারে। মাইনষেও তামশা দ্যাহে।’
মীনা রানির দেখা পাই ১৯ এপ্রিল শাঁখারীবাজারের কাছে কোর্ট হাউস স্ট্রিটের এক মার্কেটের বারান্দায়। আরও ১০-১২ জন নারীর সঙ্গে একসঙ্গে বসে ফুল বিক্রি করছিলেন তিনি।
মীনা রানির বয়স পঁয়ত্রিশের মতো। পড়াশোনা প্রাথমিকের মধ্যেই আটকে যায়। জীবন বা বিয়ে সম্পর্কে ধারণার আগেই তাঁকে শ্বশুরবাড়ি পাঠানো হয়। জর্জকোটের পেছনে বসে প্রতিদিন ফুল বিক্রি করেন। তাঁতিবাজার, শাঁখারীবাজার, রাজার দেউড়িসহ আশপাশে এলাকার লোকজন তাঁর সে ফুল পূজার জন্য কিনে নিয়ে যায়। ভোর রাতে আসেন। সকাল ১০টা পর্যন্ত ফুল বিক্রি করেন। বসবাস নদীর ওপারের শুভাড্যা ইউনিয়নের গ্রাম দিঘির পার পশ্চিম পাড়ায়। ওখানে ছোট্ট একটা ঘর ভাড়া করে দুই সন্তান নিয়ে থাকেন। মেয়ে পড়ে সপ্তম শ্রেণীতে। আর ছেলেটি পড়ে চতুর্থ শ্রেণীতে। প্রায় ছয় বছর তিনি ফুল বিক্রির পেশায় নিয়োজিত। প্রতিদিন ফুল বিক্রি করে তাঁর আয় ২০০ থেকে ৩০০ টাকা। কিন্তু বেশির ভাগ টাকাই তাঁর স্বামী নিয়ে নেন। নিজের জন্য কিছুই রাখতে পারেন না। স্বামী তাঁর টাকাতেই চলেন অথচ তাঁর বাড়িতে স্থান নেই মীনা বা তাঁর সন্তানদের। আগ্রহভরে মীনার প্রশ্ন, ‘আচ্ছা আফা কন তো আর কত দিন মাইর খাওন লাগব? এই যে আমার সব ট্যাকা নিয়া যায়, একবার ভাবে না পোলা-মাইয়্যা দুইডা কী খাইব বা ঘর ভাড়াডা ক্যামনে দিব। আমি কষ্ট কইরা আয় করি, তা ভোগ করনের অধিকার কি আমার নাই আফা?’
আমি কোনো উত্তর দিতে পারি না। মীনা বলে চলেন, ‘আমার কথা ভাবি না আফা, মাইরের জীবন কোনো রহম চইলা যাইব, যদি পোলা-মাইয়্যাডার দিন ফেরে!’ তাঁর সন্তানদের ভালো হোক বলে সামনের দিকে পা বাড়াই, পেছনে ধেয়ে আসে মীনা রানীর দীর্ঘশ্বাস!