'ব্লু'নয়, আসছে উইন্ডোজ ৮.১

ব্লু নয়, উইন্ডোজ ৮-এর আপডেট হিসেবে উইন্ডোজ ৮.১ উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছিলেন, উইন্ডোজ ৮ এর নতুন সংস্করণ হিসেবে উইন্ডোজ ব্লুর ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। নতুন অপারেটিং সিস্টেম নিয়ে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নানা সমালোচনা, সংবাদ প্রকাশিত হয়েছে। নতুন অপারেটিং সিস্টেম সম্পর্কে মানুষের ধোঁয়াশা দূর করতে ১৪ মে বুধবার মাইক্রোসফট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তথ্য প্রকাশ করেছে। এনডিটিভির এক খবরে বলা হয়েছে, চলতি বছরে উইন্ডোজ ৮-এর আপডেট আনবে প্রতিষ্ঠানটি। বিনামূল্যের এ আপডেটটি হবে উইন্ডোজ ৮.১। মাইক্রোসফটের উইন্ডোজ বিভাগের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা টামি রেলার জানিয়েছেন, উইন্ডোজভক্তরা এখন নিশ্চিতে উইন্ডোজ ৮ কিনতে পারেন, তাঁরা পরবর্তীতে বিনামূল্যেই উইন্ডোজ আপডেট সংস্করণ ব্যবহার করতে পারবেন। ২০১২ সালের অক্টোবর মাসে উইন্ডোজের নতুন সংস্করণ উইন্ডোজ ৮ উন্মুক্ত করেছিল মাইক্রোসফট। ট্যাবলেট, স্মার্টফোন, ডেস্কটপ, ল্যাপটপে ব্যবহারের জন্য উইন্ডোজের বিশেষ এ সংস্করণ উন্মুক্ত করেছিল প্রতিষ্ঠানটি। বাজার বিশ্লেষকেরা ধারণা করছিলেন, উইন্ডোজ ৮ কম্পিউটার জগতে বিশাল সাড়া ফেলবে। কিন্তু উইন্ডোজ ৮ ব্যবহারকারীরা এ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে গিয়ে ধাঁধায় পড়েন। প্রযুক্তি বিশ্লেষকেদের সমালোচনার মুখে পড়ে মাইক্রোসফট। এখন পর্যন্ত মাত্র ১০ কোটি উইন্ডোজ ৮-এর লাইসেন্স বিক্রি করতে পেরেছে মাইক্রোসফট। প্রযুক্তি বিশ্লেষকেরা তাই ধারণা করছিলেন, শিগগিরই ‘উইন্ডোজ ব্লু’ বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি। টামি রেলার এ প্রসঙ্গে জানিয়েছেন, উইন্ডোজের নতুন সংস্করণ ৮.১ ছোটো আকারের ৭ ইঞ্চি ও ৮ ইঞ্চি মাপের ট্যাবলেটও সমর্থন করবে। শিগগিরই উইন্ডোজ ৮.১ এর প্রিভিউ সংস্করণ উন্মুক্ত করার তথ্য জানিয়েছেন উইন্ডোজ বিভাগের ওই কর্মকর্তা।