‘ব্ল্যাকবেরি ১০’ ওএস আনছে রিম
‘ব্ল্যাকবেরি ১০’ নামের একটি ওএস বা অপারেটিং সিস্টেম তৈরি করেছে ব্ল্যাকবেরি ফোনের নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম)। ট্যাবলেট কম্পিউটার, স্মার্টফোন, নোটবুকসহ সব ধরনের পণ্যেই এ অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যাবে। প্রযুক্তি বিশ্লেষকেরা রিমের তৈরি নতুন এ অপারেটিং সিস্টেমের সঙ্গে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ৭ অপারেটিং সিস্টেম ও গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাদৃশ্য খুঁজে পেয়েছেন। রিমের নতুন অপারেটিং সিস্টেম বিষয়ে এ তথ্য দিয়েছে হাফিংটন পোস্ট।গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত ব্ল্যাকবেরি ডেভকন এশিয়া কনফারেন্সে ‘বিবিএক্স’ নামের একটি অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়েছিল রিম। যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিসে এ নামটির জন্য আবেদনপত্রও জমা দিয়েছিল। কিন্তু একই নাম চেয়ে মেক্সিকো-ভিত্তিক প্রতিষ্ঠান বেসিস এর আগেই আবেদন করায় আদালত রিম কর্তৃপক্ষকে বেসিসের সঙ্গে সমঝোতা করতে বা বিবিএক্স নাম পাল্টানোর নির্দেশ দিয়েছিল। পরে রিম কর্তৃপক্ষ অপারেটিং সিস্টেমটির নাম ‘বিবিএক্স’ পাল্টে ‘ব্ল্যাকবেরি ১০’ রাখে।১৩ ফেব্রুয়ারি সোমবার প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ক্র্যাকবেরি ‘ব্ল্যাকবেরি ১০’ অপারেটিং সিস্টেমের তথ্য ফাঁস করে। জানা গেছে, এ অপারেটিং সিস্টেমের সঙ্গে মাইক্রোসফটের টাইলসভিত্তিক অপারেটিং সিস্টেমের সাদৃশ্য রয়েছে। ব্ল্যাকবেরির এ অপারেটিং সিস্টেমে অ্যাপলের ফাইনাল কাট প্রো সফটওয়্যারের মতো অ্যাপ্লিকেশন থাকবে এমন তথ্য আগেই দিয়েছিলেন প্রযুক্তি বিশ্লেষকেরা। এখন মাইক্রোসফটের উইন্ডোজ ও গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে এর সাদৃশ্যের কথাও বলছেন তাঁরা।এদিকে বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, রিমের তৈরি ‘প্লেবুক’ ট্যাবলেট বাজারে জনপ্রিয়তা পায়নি। রিম তাদের ট্যাবলেট জনপ্রিয় করতেই নতুন অপারেটিং সিস্টেম তৈরি করছে—এমন গুজব রয়েছে অনেক দিন ধরেই। তবে ট্যাবলেট ছাড়াও ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমের ফিচারগুলো স্মার্টফোনের জন্য বিশেষভাবে তৈরি করেছে রিম বলে জানিয়েছেন তাঁরা।রিমের তৈরি ‘ব্ল্যাকবেরি ১০’ নির্ভর প্রথম স্মার্টফোনটির নাম হতে পারে ‘লন্ডন’। চলতি বছরের শেষ দিকে এ স্মার্টফোনটি বাজারে আসতে পারে।