‘ভার্চু’ বিক্রি করে দিচ্ছে নকিয়া
ভার্চু নামের একটি বিলাসবহুল মোবাইল তৈরির ইউনিট বিক্রি করছে ফিনল্যান্ডের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, পারমিরা নামের একটি প্রতিষ্ঠানের কাছে এই ইউনিট বিক্রি করে দেবে প্রতিষ্ঠানটি।সম্প্রতি মোবাইলের বাজারে স্যামসাংয়ের কাছে ১৪ বছরের রাজত্ব খুইয়েছে নকিয়া। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, বিলাসবহুল মোবাইল নির্মাণে বিরতি দিয়ে সাশ্রয়ী মোবাইল ফোন তৈরিতে মনোযোগী হতেই এই ভার্চু ইউনিটটি বিক্রি করে দিচ্ছে নকিয়া। উল্লেখ্য, যুক্তরাজ্যে অবস্থিত নকিয়ার এ ইউনিটটিতে হাতে তৈরি বিলাসবহুল ভার্চু ফোন তৈরি হয়। এদিকে রয়টার্স জানিয়েছে, অনেক দিন ধরেই নকিয়া এই ইউনিটটি বিক্রির জন্য চেষ্টা করছে। এ ইউনিটটি বিক্রি করতে গোল্ডম্যান স্যাকস কোম্পানিকে দায়িত্ব দিয়েছিল নকিয়া। গোল্ডম্যান স্যাকসের পরামর্শেই পারমিরার কাছে এই ইউনিট বিক্রি করছে। অবশ্য ভার্চু বিক্রির আর্থিক লেনদেন সম্পর্কে নকিয়া ও পারমিরার পক্ষ থেকে কেউ মন্তব্য করতে রাজি হয়নি বলেই জানিয়েছে রয়টার্স।