‘ভালো কাজে ইন্টারনেট ব্যবহার করো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি আজ পৃথিবীর পাঠশালায় একজন গর্বিত ছাত্র হলাম। ইন্টারনেটের মাধ্যমে এখন আমি বদলে দিতে চাই মন্দের সব। গড়তে চাই ডিজিটাল বাংলাদেশ।’ আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার পর এই প্রত্যয় ব্যক্ত করল শিক্ষার্থী মেজবাহুল মারুফ। সে জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। ‘এসো পৃথিবীর পাঠশালায়...’ স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ আহ্বান জানিয়ে দ্বিতীয়বারের মতো গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর। গতকাল বুধবার ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয় ও পাবনার চাটমোহর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে এ উৎসব হয়। চাটমোহর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনোয়ারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা আমাদের ভবিষ্যৎ। তোমরা ভালো কাজে ইন্টারনেট ব্যবহার করবে।’সকালে প্রতিটি কেন্দ্রে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ইন্টারনেট ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। প্রতিটি কেন্দ্রে নিবন্ধন করা শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিতদের নিয়ে শুরু হয় আই-জিনিয়াস প্রতিযোগিতা। প্রতিযোগিতায় নির্বাচিত সেরা আই-জিনিয়াস পায় পদক ও প্রথম আলোর উপহার। উৎসবের কেন্দ্র-প্রধানকে দেওয়া হয় একটি ঘড়ি ও প্রথম আলোর মগ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা। উৎসবের প্রতিটি কেন্দ্রেই ছিল হ্যাপিনেস মেশিন, ম্যাজিক মিরর ও এক্সপেরিয়েন্স জোনসহ মজার মজার সব উপকরণ। ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর: ঝালকাঠি: অনুষ্ঠান উদ্বোধন ও শপথবাক্য পাঠ করান ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মারুফা বেগম। এ সময় তিনি বলেন, ‘শুধু পাঠ্যবই মুখস্থ করলে চলবে না। প্রকৃত মেধাবী হতে হলে ইন্টারনেট ব্যবহার করে অজানাকে জানতে হবে। গ্রামগঞ্জের শিক্ষার্থীদেরও ইন্টারনেটের ব্যবহার শেখাতে হবে।’ বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিকর্মী চিত্তরঞ্জন দত্ত গ্রামীণফোনের বরিশালের টেরিটরি ম্যানেজার এইচ এম রফিক, প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি মো. আক্কাস সিকদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গ্রামীণফোনের বরিশাল অঞ্চলের ব্যবস্থাপক সুভাষ চন্দ্র লোধ। উৎসবে ১২টি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে যোগ দেয়। প্রতিযোগিতা শেষে আই-জিনিয়াস নির্বাচিত হয় ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মাহমুদ হাসান। এ ছাড়া নানা প্রশ্নের জবাব দিয়ে শিক্ষার্থীরা জিতে নেয় গ্রামীণফোন ও প্রথম আলোর বিভিন্ন উপহার। ক্ষেতলাল (জয়পুরহাট): সকাল ১০টায় উৎসবের উদ্বোধন এবং শপথবাক্য পাঠ করান ক্ষেতলাল ছাঈদ আলতাফুন্নেসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব আলী। এ সময় তিনি বলেন, ‘এই উৎসব তথ্যপ্রযুক্তির অগ্রগতির ক্ষেত্রে একটি মাইলফলক। প্রথম আলো ও গ্রামীণফোনকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এই আয়োজন যেন হাজার বছর ধরে চলে।’অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রামীণফোনের জয়পুরহাট-নওগাঁ জোনের ব্যবস্থাপক মেহেদী মাহমুদুল হক, প্রথম আলো প্রতিনিধি আজিজার রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বন্ধুসভার অনির্বাণ ও গ্রামীণফোনের তানভীর আহমেঞ্চদ। অনুষ্ঠানে ১১টি বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়। চাটমোহর (পাবনা): অনুষ্ঠান উদ্বোধন ও শপথবাক্য পাঠ করান চাটমোহর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক আনোয়ারা খাতুন। আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মোজামেঞ্চল হক, চাটমোহর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন হেলাল উদ্দিন, চাটমোহর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মিজানুর রহমান, মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরীফ মাহমুদ, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক হাসান মাসুদ, প্রথম আলোর প্রতিনিধি আবদুল মান্নান প্রমুখ। উৎসবে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া প্রায় এক হাজার অভিভাবক ও দর্শনার্থী উপস্থিত ছিলেন উৎসবস্থলে। প্রতিযোগিতা শেষে আই-জিনিয়াস নির্বাচিত হয় চাটমোহর মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ইউসুফ আবদুল্লাহ।আজ উৎসব পাঁচ জেলায়: আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের কুলাউড়ার নবীনচন্দ্র উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহের নাসিরাবাদ কলেজিয়েট স্কুল, গাইবান্ধার আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং পাবনার ঈশ্বরদী এস এম স্কুল অ্যান্ড কলেজে ইন্টারনেট উৎসব হবে।