'মধ্যবিত্ত' ছাত্ররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

* মেধার দিক থেকে মধ্যবিত্ত হলেও এরা পুঁজিবাদী চেতনায় বিশ্বাসী! উচ্চবিত্তের ছাত্ররা যেখানে পড়ে পড়ে সবকিছু ‘নিঃশেষ’ করে ফেলে, এরা সেখানে দুর্দিন তথা পরীক্ষার কথা বিবেচনা করে পড়া জমাতে থাকে, জমাতে থাকে এবং জমাতেই থাকে। অতঃপর পরীক্ষার আগের রাতে নিজেদের সঞ্চয় দেখে এরা রীতিমতো বিপন্ন এবং ‘অদ্ভুত’ বোধ করে!
* মধ্যবিত্ত ছাত্ররা সাধ আর সাধ্যের মধ্যে কখনোই সমন্বয় ঘটাতে পারে না। প্রতিটি সেমিস্টার ফাইনালের আগেই এরা ‘নতুন কিছু’র স্বপ্ন দেখে! এবার নিশ্চয়ই কিছু একটা হবে। নিজেকে এবার প্রমাণ করতেই হবে। পরীক্ষার কয়েক দিন আগে ‘ফাটিয়ে দেওয়ার’ স্বপ্নে বিভোর থাকলেও পরীক্ষার হলে এদের একটাই চাওয়া পাওয়া থাকে, ‘খোদা, এবারের মতো পাস করায়ে দাও। সামনের বার থেকে অবশ্যই...’
* ‘ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ’—আর কিছুতে না হোক, পড়াশোনার ক্ষেত্রে মধ্যবিত্ত ছাত্ররা এই নীতিবাক্য ব্যাপকভাবে প্রয়োগ করে। তাই তো বর্তমানে একসঙ্গে সব পড়া শেষ না করে এরা ভবিষ্যতের জন্য পড়া সঞ্চয় করে রাখে!
* প্রায় প্রতিটি সেমিস্টার ফাইনালের আগেই মধ্যবিত্ত ছাত্ররা তাদের অতীত জীবনের যাবতীয় ঔদাসীন্য, আলস্য আর খামখেয়ালিপনার জন্য খুব করে অনুতপ্ত হয়! সঙ্গে বেশ দৃঢ় শপথও করে যে, ‘যা হয়েছে, হয়েছে। এবার থেকে একদম ঠিক হয়ে যাব।’ বলা বাহুল্য, কুকুরের লেজ বছরের পর বছর চোঙায় পুরে রাখলে সোজা হওয়ার ক্ষীণ সম্ভাবনা থাকলেও মধ্যবিত্ত ছাত্ররা কখনোই শুধরায় না!
* মধ্যবিত্ত ছাত্ররা সাধারণত উচ্চবিত্ত শ্রেণির ছাত্রদের কাছ থেকে দূরত্ব বজায় রাখে। এদের মতে, উচ্চবিত্তের ভালো ছাত্ররা আঁতেল, রোবট কিংবা ‘ভিনগ্রহের প্রাণী’! কাজেই এদের সংস্পর্শে এসে নিজেদের আপাতনিরীহ চরিত্রকে ‘কলুষিত’ করার কোনো মানে হয় না।
* সেমিস্টার ফাইনালের আগের রাত মধ্যবিত্ত ছাত্রদের কাছে সবচেয়ে বিভীষিকাময় রাত। আর সেমিস্টার ফাইনালের রেজাল্টের দিন সবচেয়ে হাহাকারময় দিন হিসেবে স্বীকৃত!
* দোকানদারের নীতিবাক্য যেমন ‘বাকি চাহিয়া লজ্জা দেবেন না’, ঠিক তেমনি মধ্যবিত্ত ছাত্রদের নীতিবাক্য হলো, ‘সিজিপিএ জানিতে চাহিয়া লজ্জা দেবেন না!’
* সাধারণত মধ্যবিত্ত ছাত্রদের মনের সফটওয়্যারে ‘সিরিয়াসনেস’ নামক অ্যাপ আনইন্সটল করা থাকে!
* প্রিপারেশন যেমনই হোক, মধ্যবিত্ত ছাত্ররা সব সময়ই মনে করে যে তার পরীক্ষা অনেক ভালো হবে! কারণ, এদের অন্যতম গুণ হলো, এরা খুব আশাবাদী। অর্ধেক পানির গ্লাসকে এরা সব সময় ‘গ্লাসটা অর্ধেক পূর্ণ’ হিসেবে তো দেখেই, উপরন্তু এটাও আশা করে যে, শিগগিরই কেউ একজন এসে তার জন্য বাকিটুকু পূর্ণ করে দেবে!
* সিলেবাসের এক-তৃতীয়াংশ, এক-চতুর্থাংশ এক-পঞ্চমাংশ কিংবা আরও ক্ষুদ্রাতিক্ষুদ্র খণ্ডাংশ পড়লেও এই শ্রেণির ছাত্ররা একটি অদ্ভুত আশা পোষণ করে যে সব প্রশ্ন এর ভেতর থেকেই কমন পড়বে! এর বাইরে কিছু আসা সংশ্লিষ্ট শিক্ষকের নির্দয়তা হিসেবে বিবেচিত হয়।
* প্রতিটি পরীক্ষার পরই মধ্যবিত্ত ছাত্ররা এই সিদ্ধান্তে উপনীত হয় যে ‘কোশ্চেন অনেক হার্ড হইছে!’
* প্রায় সব মধ্যবিত্ত ছাত্রই এই ধারণা করে যে একটু পড়াশোনা করলেই কেউ তাকে ‘টেক্কা’ দিতে পারবে না!