‘মাউনটেন লায়ন’ আনল অ্যাপল (ভিডিও)
‘মাউনটেন লায়ন’ নামের অপারেটিং সিস্টেমটি ২৫ জুলাই বাজারে উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে অ্যাপল। ম্যাক অপারেটিং সিস্টেমের নতুন এ সংস্করণ প্রসঙ্গে এক খবরে বিবিসি জানিয়েছে, মাউনটেন লায়নে আইফোন এবং আইপ্যাডের অনেক ফিচার ও অ্যাপ্লিকেশন যোগ করছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ‘মাউনটেন লায়ন’ অপারেটিং সিস্টেমে আইপ্যাড ও আইফোনের ফিচার এবং অ্যাপ্লিকেশন যোগ করার তথ্য জানিয়েছিলেন অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফিল শিলার। ম্যাক অপারেটিং সিস্টেম চালিত অ্যাপলের ডেস্কটপ কম্পিউটার ও ল্যাপটপে মাউনটেন লায়ন ব্যবহার করা যাবে।‘ওএস এক্স লায়ন’ নামে একটি অপারেটিং সিস্টেম বাজারে ছাড়ার প্রায় সাত মাস পর ‘মাউনটেন লায়ন’ নামের আরও দ্রুতগতির এই নতুন অপারেটিং সিস্টেমটি বাজারে ছাড়ল অ্যাপল। নতুন অপারেটিং সিস্টেমে নোটিফিকেশন সেন্টার, গেম সেন্টার ও ‘এয়ারপ্লে মিরর’ ব্যবস্থা নতুন করে যুক্ত হয়েছে। এ ছাড়াও মাউনটেন লায়নে যুক্ত হচ্ছে ‘গেটকিপার’ নামের নতুন আরেকটি ফিচার। গেটকিপার ফিচারটির সাহায্যে ম্যাকের অ্যাপ্লিকেশনগুলো নিয়ন্ত্রণ করা যাবে। নতুন অপারেটিং সিস্টেমে অ্যাপলের ক্লাউড সার্ভিস আইক্লাউডও যুক্ত হচ্ছে। এ ছাড়া থাকছে ‘ম্যাক অ্যাপ স্টোর’। ম্যাক স্টোর থেকে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা ছাড়াও থার্ড পার্টি অ্যাপ্লিকেশন চালানোর ব্যবস্থাও থাকছে মাউনটেন লায়নে।ম্যাক অ্যাপ স্টোর থেকে ১৯.৯৯ ডলারে এই অপারেটিং সিস্টেমটি ডাউনলোড করা যাবে।নতুন ম্যাক কিনলে তার সঙ্গে এই অপারেটিং সিস্টেমটি বিনামূল্যে পাওয়া যাবে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, মাইক্রোসফটের তৈরি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের সঙ্গে বাজারে প্রতিযোগিতা করতে হবে মাউনটেন লায়নকে।এদিকে, নতুন অপারেটিং সিস্টেম বাজারে উন্মুক্ত করার পাশাপাশি চলতি বছরের সর্বশেষ তিন মাসে অ্যাপল তাদের আয়ের তথ্য প্রকাশ করেছে। তাতে ম্যাক কম্পিউটার বিক্রির হার ২ শতাংশ বাড়লেও অ্যাপল পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বলেই বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন।