'মা' এর মতো 'মাদার'

মা যেভাবে পরম মমতায় সন্তানের যত্ন নেন, খেয়াল রাখেন ঠিক সেভাবেই সম্প্রতি উদ্ভাবিত নানা সেন্সরযুক্ত একটি রোবট মানুষের যত্ন নিতে পারবে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলমান কনজুমার ইলেকট্রনিকস শো ২০১৪ (সিইএস) উপলক্ষে এবার বিভিন্ন প্রযুক্তিপণ্যের প্রদর্শনীতে ‘মাদার’ নামের এমন একটি রোবটের দেখা মিলেছে। প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
৭ জানুয়ারি থেকে লাস ভেগাসে শুরু হওয়া সিইএসে নানা ধরনের প্রযুক্তিপণ্যের প্রদর্শনী চলছে। প্রতি বছরের প্রথম মাসে বছরে কী কী প্রযুক্তি আসতে যাচ্ছে তার পূর্বাভাস পাওয়া যায় এই প্রদর্শনীতে। সাধারণত ফোন, কম্পিউটার, ট্যাবলেট, ক্যামেরা ইত্যাদি থাকলেও পাশাপাশি বিচিত্র ও অদ্ভুত সব পণ্যও দেখানো হয় বিশ্ব-সমাদৃত এ আয়োজনে। আর এবারের মঞ্চের প্রথম দিনই বেশ নাম করে নিয়েছে রাশিয়ায় তৈরি এই বিশেষ ‘মাদার’ রোবটটি।
নামই নয়, কাজেও কিন্তু অনেকটাই মায়ের মতোই ছোট্ট পুতুলের মতো দেখতে এই রোবটটি। জানা গেছে, ব্যতিক্রমী এই রোবটটির কাজ হবে ব্যবহারকারীর খেয়াল রাখা। রোবটটি কাজ করার জন্য বেশ কয়েকটি সেন্সর ব্যবহার করে যেগুলো আলাদা কিনতে পাওয়া যাবে। সেন্সরগুলোর নাম রাখা হয়েছে কুকি। এই কুকিগুলো ব্যবহার করে বিভিন্ন বিষয়ে নজর রাখতে কাজে আসবে এই রোবট। মূলত তাপমাত্রাসহ আরও বেশ কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে ‘মাদার’ কাজ করে থাকে।
রোবটটির নির্মাতা রাফি হালাডজিয়ান জানিয়েছেন, এভাবে প্রায় ১৪টি ভিন্ন ভিন্ন উপায়ে কুকিগুলো কাজে লাগানো যাবে। তবে একেবারেই সস্তায় পাওয়া যাবে না এসব সেন্সর। প্রতি চারটি কুকির জন্য গুণতে হবে ৯৯ ডলার। আর মার্চের মধ্যেই বাজারে আসলে ‘মাদার’সহ চারটি কুকি পাওয়া যাবে ২২২ ডলারে।