‘মিবু’ বন্ধ করে দিচ্ছে গুগল
সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ব্যবহূত বিভিন্ন সেবা বিক্রির সার্ভিস ‘মিবু’ কিনে নেওয়ার মাত্র পাঁচ দিনের মধ্যেই এ সেবাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল। এক খবরে এনডিটিভি জানিয়েছে, ১০০ কোটি ডলারে কেনা মিবুর ওয়েবসাইটে বিভিন্ন সেবা বন্ধ করে দেওয়ার তথ্য প্রকাশ করা হয়েছে। গুগল জানিয়েছে, ১১ জুলাই বন্ধ হয়ে যাবে ‘মিবু’।গুগলের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুগল প্লাসের সঙ্গে মিবুর কর্মকর্তা ও প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা থেকে এ সেবাটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।মিবু ব্যবহারকারীরা তাদের চ্যাট বা অন্যান্য তথ্য ডাউনলোড করে নেওয়ার জন্য এক মাস সময় পাচ্ছেন। এরপর এই সাইটটিতে আর প্রবেশ করতে পারবেন না—এমন তথ্য মিবুর ওয়েবসাইটে জানানো হয়েছে।মেসেজিং সেবা হিসেবে অধিক পরিচিত মিবু কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা গত সপ্তাহে জানিয়েছিল গুগল।২০০৫ সালে ওয়েবভিত্তিক মেসেজিং সেবা হিসেবে চালু হয়েছিল মিবু। এই সেবার মাধ্যমে ইয়াহুর ইনস্ট্যান্ট মেসেজিং সেবার মতো মেসেজ আদান-প্রদান করা যায়। তবে আলাদা করে ডাউনলোড বা ইনস্টল করার প্রয়োজন পড়ে না। পাশাপাশি এর সুবিধা হচ্ছে, মাত্র একটি অ্যাকাউন্ট দিয়ে ইয়াহু মেসেঞ্জার, গুগল টক, ফেসবুকসহ বিভিন্ন ইনস্ট্যান্ট মেসেজিং বা চ্যাট-সেবায় লগইন করা যায়। এ ছাড়া ওয়েবসাইট ডেভেলপাররা চাইলে তাঁদের ওয়েবসাইটে মিবু বার যোগ করতে পারেন। এতে তাঁদের সাইটে বসেই মিবু ব্যবহারকারীরা বন্ধুদের সঙ্গে চ্যাট করতে পারেন। মিবুর মোবাইল সংস্করণ ব্যবহারেরও সুযোগ রয়েছে। মিবু যোগ করে আকর্ষণীয় প্রোফাইল তৈরির সুযোগও রয়েছে।মিবুর ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে https://www.meebo.com|