>টেস্ট এবং ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে রস+আলোর সঙ্গে কথা বললেন জনৈক ক্রিকেট বিশেষজ্ঞ। সেই আলাপচারিতা তুলে ধরা হলো পাঠকদের জন্য।


রস+আলো: বাংলাদেশ এবং ভারতের মধ্যকার টেস্ট সিরিজ ড্র হলো। টেস্ট সিরিজ ড্রয়ের পেছনে বৃষ্টির ভূমিকা কীভাবে দেখেন?
জনৈক ক্রিকেট বিশেষজ্ঞ: কিছুদিন আগে নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করেছেন। বৃষ্টিও চায়নি মোদির বাংলাদেশ সফরের অল্প কিছুদিনের মধ্য এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফাটল ধরুক, হোক না তা খেলার মাঠে! তাই বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বৃষ্টি টেস্ট ড্রয়ে প্রভাবক সহায়ক হিসেবে কাজ করেছে!
র.আ.: প্রথম ওয়ানডেতে ভারতের পারফরম্যান্স কীভাবে মূল্যায়ন করবেন?
জ. ক্রি.বি.: পাকিস্তানের বোলিং লাইনআপ বেশ শক্তিশালী ছিল। তারপরও ওই বোলাররা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একবারও বাংলাদেশ দলকে অলআউট করতে পারেনি। অথচ ভারত উড়তে থাকা বাংলাদেশকে চমকে দিয়ে ৩০৭ রানে অলআউট করেছে! ভারতীয় বোলারদের উন্নতি চোখে পড়ার মতো! ঘরের মাঠে টানা ১৩ ম্যাচ জয়ী দুর্দান্ত বাংলাদেশের বিপক্ষে শোচনীয় হার এড়িয়ে মাত্র ৭৯ রানে পরাজয় প্রমাণ করে ভারত অনেক শক্তিশালী দল।
র.আ.: ভারতের হারের পেছনে কারা দায়ী বলে মনে করেন?
জ. ক্রি.বি.: আম্পায়ার ইয়ান গোল্ড ও আলিম দারকে! এই দুজন মাঠে থাকলে ভারত বাংলাদেশের বিপক্ষে হার এড়াতে পারত! বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি এর জ্বলন্ত উদাহরণ!
র.আ.: মুস্তাফিজুরকে ধোনির ধাক্কা প্রসঙ্গে আপনার অভিমত কী?
জ. ক্রি.বি.: বিজ্ঞানী নিউটন বলেছেন, ‘প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।’ ধোনি ধাক্কা দিয়ে মুস্তাফিজুরকে মাঠের বাইরে পাঠিয়েছিলেন। জবাবে মুস্তাফিজ পুরো ভারতীয় দলকেই মাঠের বাইরে পাঠিয়ে ছেড়েছে। নিউটনের তৃতীয় সূত্র ক্রিকেট দিয়ে প্রমাণ হয়ে গেল!
র.আ.: বাংলাদেশের ক্রিকেটপ্রেমী জনগণের উদ্দেশে কিছু বলবেন?
জ. ক্রি.বি.: জনগণ অবশেষে একজন আস্থাভাজন সরকার পেল! এই সরকার ক্রিকেট মাঠে ক্ষমতা পাওয়ার পর থেকে বাংলাদেশ অপ্রতিরোধ্য দলে পরিণত হয়েছে। আশা করি, এই সরকারের আমলে বাংলাদেশ বিশ্বের অন্যতম ক্রিকেট পরাশক্তিতে পরিণত হবে। কোন সরকারের কথা বলছি, বুঝেছেন তো?
র.আ.: এটা না বোঝার কী আছে! বিরোধী দলও বুঝতে পেরেছে, এই সরকার, সৌম্য সরকার। ধন্যবাদ আপনাকে।