'রিভেঞ্জ পর্নো' ছবি সরিয়ে ফেলবে গুগল

অনলাইনে পর্নো ছবির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে গুগল-ফেসবুকের মতো বড় প্রতিষ্ঠানগুলো। গতকাল শুক্রবার গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, গুগলকে নগ্ন বা অশ্লীল ছবি সরিয়ে ফেলার জন্য অনুরোধ করলে সে অনুরোধ রাখবে তারা। খবর ওয়াশিংটন পোস্ট এর।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, কারও অনুমতি না নিয়ে যে নগ্ন ছবি অনলাইনে ছাড়া হয় সেগুলো সার্চে আর দেখাবে না তারা এবং অনুরোধ পেলে গুগলের সার্চ তালিকা থেকে এ ধরনের ছবি সরিয়ে ফেলবে।
প্রতিহিংসাপরায়ণ হয়ে প্রতিশোধ নিতে ইন্টারনেটে অন্তরঙ্গ সম্পর্কের ছবি, ভিডিও ছেড়ে দেয় অনেকে ৷ একে বলা হয় ‘রিভেঞ্জ পর্নো’, যা সর্বনাশ ডেকে আনতে পারে কারও জীবনে। এ ধরনের প্রতিশোধমূলক বা অনুমতি না নিয়ে প্রকাশ করা ছবির (রিভেঞ্জ পর্নো) বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে গুগল।
সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের ছবি বা ভিডিও বিভিন্ন বিতর্ক সৃষ্টি করেছে। এ জাতীয় ছবি ইন্টারনেটে এক বার ছড়িয়ে পড়লে তা মুছে ফেলা সরিয়ে ফেলা কঠিন হয়ে পড়ে।
এক বিবৃতিতে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, রিভেঞ্জ পর্নোর ছবিগুলো ব্যক্তিগত ও কারও জীবনে ভয়াবহ ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। এ ধরনের ঘটনায় আত্মহত্যার মতো ঘটনাও ঘটে। এ ধরনের ঘটনা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে গুগল।
বিশ্লেষকেরা বলছেন, এ ধরনের ছবি অনলাইন থেকে একেবারে হয়তো মুছবে না কিন্তু গুগলের এই পদক্ষেপের ফলে তা গুগল সার্চে আর দেখাবে না। ফলে এ ধরনের ছবি খুঁজে পাওয়া দুষ্কর হবে।
গতকাল শুক্রবার গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ছবির বিষয়বস্তু যাই হোক না কেন, নগ্ন বা যৌন উত্তেজক ছবি সরিয়ে ফেলার অনুরোধ রাখবে তাঁরা।
গুগলের সার্চ বিভাগের ভাইস প্রেসিডেন্ট অমিত সিংহাল এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘পুরো ওয়েবের দর্পণ হবে সার্চ এটাই আমাদের দর্শন। কিন্তু রিভেঞ্জ পর্নো ছবির মতো ব্যক্তিগত বিষয়গুলো মানুষের ক্ষতি করছে এবং এ ধরনের ঘটনার শিকার হওয়ার ব্যক্তি বিশেষ করে নারীদের অসম্মান করছে।’
সিংহাল জানিয়েছেন, শিগগিরই গুগল একটি ওয়েব ফরম উন্মুক্ত করতে যার মাধ্যমে বিতর্কিত ছবি সরিয়ে ফেলার জন্য গুগলের কাছে আবেদন করা যাবে।
গুগলের মতো ফেসবুক, টুইটার ও রেডিট সম্প্রতি একই ধরনের ঘোষণা দিয়েছে।