‘রেড অক্টোবর’ ভাইরাস!
সম্প্রতি রাশিয়ার গবেষকেরা নতুন একটি কম্পিউটার ভাইরাসের সন্ধান পেয়েছেন। গবেষকেরা নতুন এ ভাইরাসটির নাম দিয়েছেন ‘রেড অক্টোবর’। কম্পিউটার নিরাপত্তাপ্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব এ ভাইরাসটির খোঁজ পেয়েছে। খবর বিবিসি অনলাইনের।ক্যাসপারস্কি ল্যাব জানিয়েছে, ২০০৭ সাল থেকে বিভিন্ন দেশ, দূতাবাস ও পরমাণু ক্ষেত্র থেকে গোপন ও স্পর্শকাতর তথ্য এই ভাইরাসের মাধ্যমে চুরি করা হচ্ছে। ২০১২ সালের অক্টোবরে প্রথম ভাইরাসটির সন্ধান পান রাশিয়ার গবেষকেরা।গবেষকেরা জানান, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এবং পিডিএফ ফাইল থেকে শুরু করে এনক্রিপ্টেড ফাইল সবই চুরি করে ভাইরাসটি। এমনকি মুছে দেওয়া ফাইলও খুঁজে নেয় এটি।ঔপন্যাসিক টম ক্ল্যান্সির লেখা ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ উপন্যাসের রেড অক্টোবর সাবমেরিনটির সঙ্গে মিল রেখে নামকরণ করা হয়েছে ভাইরাসটির। ২০১২ সালে সন্ধান পাওয়া আরেকটি ভাইরাস ‘ফ্লেইম’-এর সঙ্গে অনেক মিল রয়েছে রেড অক্টোবরের। ফ্লেইম মূলত বড় বড় স্থাপনার কম্পিউটার ও সেন্ট্রিফিউজ লক্ষ করে তৈরি করা ভাইরাস।