‘লোহাখোর’ ব্যাকটেরিয়া থেকে কম্পিউটার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য ও জাপানের গবেষকেরা জানিয়েছেন, ভবিষ্যতে বায়োলজিক্যাল কম্পিউটার তৈরিতে চুম্বকীয় ব্যাকটেরিয়া ব্যবহূত হবে। সম্প্রতি এক খবরে বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় ও জাপানের টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির গবেষকেরা লোহাখোর ব্যাকটেরিয়া ব্যবহার করে বায়োলজিক্যাল কম্পিউটার তৈরিতে কাজ করছেন।গবেষকেরা জানিয়েছেন, লোহাখোর ব্যাকটেরিয়াগুলো লোহা হজম করে তাদের শরীরের মধ্যে ক্ষুদ্র চুম্বক তৈরি করে, যা কম্পিউটারের হার্ড ড্রাইভের সদৃশ। গবেষকেরা তাঁদের গবেষণায় বিশেষ ধরনের (Magnetospirilllum magneticum) ব্যাকটেরিয়া ব্যবহার করেছেন।‘স্মল’ সাময়িকীতে প্রকাশিত এ গবেষণায় জানানো হয়েছে, প্রাপ্ত তথ্য ও উপাত্ত আরও দ্রুত প্রসেসিং ক্ষমতাসম্পন্ন হার্ডড্রাইভ তৈরিতে ব্যবহূত হতে পারে।লিডস বিশ্ববিদ্যালয়ের গবেষক সারাহ স্ট্যানিল্যান্ড এ প্রসঙ্গে জানিয়েছেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে কম্পিউটারের যন্ত্রাংশ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে। ফলে ন্যানো আকারের ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরি আরও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তাই গবেষকেরা তাঁদের গবেষণা কাজে প্রকৃতির সহায়তা নিচ্ছেন। গবেষকেরা ক্ষুদ্র এই ব্যাকটেরিয়াগুলোকে কালচার করে কোষের পর্দার মতো ন্যানো টিউব তৈরিতে সফলতা পেয়েছেন। এই টিউব তারের মতো কাজ করতে এবং তথ্য স্থানান্তর করতে সক্ষম। গবেষকেরা বলছেন, ব্যাকটেরিয়া ব্যবহার করে তথ্য স্থানান্তরের এ পদ্ধতি মানুষের শরীরের স্নায়ুতন্ত্র বা কম্পিউটারের প্রসেসরের মতই কাজ করে। ভবিষ্যতে চিকিত্সা ক্ষেত্রেও এই ন্যানো টিউব ব্যবহার করা যেতে পারে বলেই জানিয়েছেন গবেষকেরা।