'সংজ্ঞাবদ্ধ' বিয়ে
বিয়ের আংটি: পৃথিবীর সবচেয়ে ছোট এবং ভয়ংকর যে হাতকড়া আয়োজন করে দুজন নারী-পুরুষের হাতে পরানো হয়!
গায়েহলুদ: মসলা-সমাজে হলুদের স্ট্যাটাস বাড়ানোর অনুষ্ঠান!
বিয়ের গেট: এমন জায়গা যেখানে ‘টাবিস্বা’ অর্থাৎ টাকার বিনিময়ে স্বাগত জানানোর কর্মসূচি পালিত হয়!
বাসররাত: ব্যাচেলর জীবনে প্রায়ই যে রাত স্বপ্নের মধ্যে হানা দেয় এবং পরম আকাঙ্ক্ষিত হওয়া সত্ত্বেও যা ব্যাচেলর জীবনে কখনোই আসে না!
হানিমুন: ‘বাসরদিন’ পালন করার উপলক্ষ!
বিয়ের কার্ড: যে আমন্ত্রণপত্র আমন্ত্রিতদের কাছে ‘বিনা মেঘে বজ্রপাত’ হিসেবে বিবেচিত!
বিয়ের খাওয়াদাওয়া: যে ভোজের আয়োজন করা হয় দুজনকে উপলক্ষ করে অথচ তারাই সবচেয়ে কম খায়!
কাবিননামা: মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা একটি ‘যুদ্ধের’ চুক্তিপত্র!
পাত্রপাত্রী চেয়ে বিজ্ঞাপন: খাল কেটে কুমির আনার আহ্বান!
দাম্পত্য: একটি ঐকমত্যের সম্পর্ক। যেখানে দুজন নারী-পুরুষ এই বিষয়ে সব সময়ই একমত থাকেন যে ‘ভুলটা অপর
জনেরই ছিল’!
যৌতুক: সর্বাপেক্ষা কম যে মূল্যে পাত্রপক্ষের ব্যক্তিত্ব, মানসম্মান ও রুচিবোধ বিক্রি হয়!
বিয়ের সাক্ষী: সেধে হওয়া একটি দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী।