‘সফটএক্সপোতে প্রাপ্তি অনেক’
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি মাহবুব জামান জানিয়েছেন, এবারের সফটএক্সপোতে প্রাপ্তি অনেক। এ মেলা তরুণদের জন্য অনেক সম্ভাবনা তৈরি করেছে। রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত বেসিসের পাঁচ দিনের ‘সফটএক্সপো ২০১২’ ছিল সফল। এবারের দশম আয়োজনে তরুণদের জন্য ‘এম্পাওয়ারিং নেক্সট জেনারেশন’ স্লোগানটি সার্থক হয়েছে। ভবিষ্যতে তরুণদের জন্য আরও সম্ভাবনাময় আয়োজন করবে বেসিস। বেসিসের পরবর্তী সফটএক্সপো অনুষ্ঠিত হবে ২০১৩ সালের ৫ থেকে ৯ ফেব্রুয়ারি।২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় পর্দা নেমেছে পাঁচ দিনের বেসিস আয়োজিত ‘সফটএক্সপো ২০১২’। মেলার শেষ মুহূর্তেও ছিল প্রচুর উত্সুক মানুষের ভিড়। মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখা গেছে এ আয়োজনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর স্টলে ছিল উত্সবমুখর পরিবেশ। অংশগ্রহণকারী সবার মুখেই শোনা গেছে, মেলায় প্রচুর সাড়া পাওয়ার কথা। পুরো পাঁচ দিন ধরেই এ মেলায় ছিল নানা আয়োজন। শনিবার রাতে ছিল ‘বেসিস অ্যাওয়ার্ড নাইট।’ এতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে। এ ছাড়াও আজীবন সম্মাননা পেয়েছেন বেসিসের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এ তৌহিদ ও বেসিসের সাবেক সভাপতি এসএম কামাল।মেলার প্রাপ্তি প্রসঙ্গে বেসিস সভাপতি মাহবুব জামান জানিয়েছেন, এ আয়োজনের মধ্য দিয়ে ফ্রিল্যান্সিং ও অনলাইন কাজে উত্সাহ পেয়েছেন তরুণেরা। এ ছাড়া বাংলাদেশের সফটওয়্যার খাতে উন্নতির একটা ধারা তৈরি হয়েছে। অনলাইনে অর্থ লেনদেন বিষয়ে এখন প্রতারণা বেড়ে গেছে বলেও সতর্ক করে দিয়েছেন মাহবুব জামান। বেসিসের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের কথাও জানিয়েছেন তিনি। অনলাইনে আয় করা অর্থ দেশে আনার ক্ষেত্রে সমস্যা সমাধানে বেসিসের পক্ষ থেকে নেয়া উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি। মাহবুব জামান এ প্রসঙ্গে জানিয়েছেন, বাংলাদেশে পেপ্যাল সার্ভিসটি আনা যায় কি না, তা নিয়ে কথা চলছে। শিগগিরই বেসিসের পক্ষ থেকে এক কর্মকর্তা পেপ্যাল প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন। আর ফিরতি সফরে পেপ্যালের কর্মকর্তারাও দেশে পেপ্যাল সার্ভিসটি চালুর সম্ভাব্যতা যাচাইয়ে আসতে পারে।