‘সবুজ সমাধি’!
মৃত্যুর পর মানুষের শরীরের শেষ চিহ্ন মুছে ফেলতে তাঁকে কবরে সমাহিত করা হয়, কিংবা পুড়িয়ে ফেলা হয়। বিশ্বজুড়ে শবদেহ পোড়ানোর কারণে প্রতিবছর গড়ে ৬ দশমিক ৮ মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড বাতাসে মিশে যাচ্ছে, যা মোট কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের দশমিক ০২ শতাংশ। এই চিত্র বলে দেয়, শবদেহ পোড়ানো পরিবেশের জন্য কতটা ক্ষতিকর! বিষয়টি মাথায় রেখে শবদেহ পোড়ানোর জন্য পরিবেশবান্ধব নিত্যনতুন বিভিন্ন প্রযুক্তি আবিষ্কারের চেষ্টা চলছে। তবে কবরে মরদেহ সমাহিত করে প্রিয় মানুষকে শেষবিদায় জানানোর পদ্ধতিই বেশি গ্রহণযোগ্যতা পেতে শুরু করেছে। বর্তমানে যুক্তরাজ্যে ২৬০টি এলাকায় এ পদ্ধতিতে মরদেহ সমাহিত করা হচ্ছে। কার্ডবোর্ড কিংবা এ ধরনের পরিবেশবান্ধব উপাদানে তৈরি কফিনে রেখে বন, মাঠ কিংবা তৃণভূমিতে কবর খুঁড়ে শেষনিদ্রায় শায়িত করা হচ্ছে মানুষকে। গত আগস্ট মাসে যুক্তরাজ্যের ডারহ্যাম বিশ্ববিদ্যালয়ের পরিচালিত এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য।পারদদূষণের পেছনেও ভূমিকা রাখে শবদাহ। বর্তমানে যুক্তরাজ্যে মোট পারদ নিঃসরণের ১৬ শতাংশ হচ্ছে শবদেহ পোড়ানোর কারণে। যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে ২০২০ সালের মধ্যে এই হার ১৬ শতাংশ থেকে বেড়ে ২৫ শতাংশে পৌঁছাবে। এরই মধ্যে শবদেহ পোড়ানোর সময় মার্কারি ফিল্টার ব্যবহারের নির্দেশনা দিয়েছে দেশটির সরকার।ভারতে হিন্দুরীতি অনুযায়ী খোলা মাঠে কাঠের চিতায় শবদাহ করা হয়। এ জন্য প্রতিবছর ৫০ থেকে ৬০ মিলিয়ন গাছ উজাড় হচ্ছে, আর বাতাসে মিশে যাচ্ছে প্রায় আট মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড। এ পরিপ্রেক্ষিতে ভারতে বিকল্প উপায়ে শবদেহ পোড়ানোর পদ্ধতি প্রচলন করা হয়েছে। এতে প্রচলিত পদ্ধতির চেয়ে কাঠ লাগে অনেক কম এবং কার্বন নিঃসরণ কম হয় ৬০ শতাংশ। সম্প্রতি এমন তথ্য জানিয়েছে দিল্লিভিত্তিক একটি বেসরকারি সংস্থা। বিশ্বের অন্যান্য দেশেও বিকল্প পদ্ধতিতে শবদাহের উপায় বের করার চেষ্টা চলছে। স্কটল্যান্ডভিত্তিক রেজোমেশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান নতুন এক পদ্ধতি আবিষ্কার করেছে। এ পদ্ধতিতে শবদেহ প্রথমে অ্যালকালিনের মিশ্রণে ডোবানো হয়। এরপর একটি চুল্লির ভেতর উচ্চচাপ ও তাপে দাহ করা হয়। প্রতিষ্ঠানটি দাবি করেছে, এতে শক্তি কম খরচ হয় এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণের হার ৩৫ শতাংশ কমে যায়। এরই মধ্যে মার্কিন মুলুকের কয়েকটি শহরে এই পদ্ধতি অনুমোদন দেওয়া হয়েছে। অবশ্য এখন পর্যন্ত যুক্তরাজ্য সরকারের কাছে থেকে অনুমোদন পায়নি এ পদ্ধতি।যুক্তরাজ্যের সাফোক-ভিত্তিক প্রতিষ্ঠান ক্রায়োমেশন আবিষ্কার করেছে ভিন্নধর্মী এক পদ্ধতি। এ পদ্ধতিতে তরল নাইট্রোজেন ব্যবহার করে প্রথমে মৃতদেহ হিমায়িত করতে হয়। তীব্র ঠান্ডায় একপর্যায়ে মৃতদেহ ভঙ্গুর অবস্থায় পৌঁছালে সেটি গুঁড়ো করে ফেলা হয়। পরে মৃতদেহের সেই গুঁড়ো সমাহিত করতে হয়, কিংবা বাতাসে ছড়িয়ে দিতে হয়। এ পদ্ধতির জন্য অবকাঠামো নির্মাণের প্রয়োজনে প্রায় আড়াই মিলিয়ন ডলার চেয়েছে ক্রায়োমেশন। এ প্রসঙ্গে কোম্পানিটির কর্মকর্তা পল স্মিথ বলেছেন, ‘আমাদের আবিষ্কৃত এ পদ্ধতি অনেক বেশি পরিবেশবান্ধব। শবদাহের ভালো একটি বিকল্প হতে পারে এটি। প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পর অনেক কম খরচে ও দ্রুতগতিতে মরদেহ সমাহিত করা সম্ভব হবে।’এদিকে নেদারল্যান্ডের একটি গবেষণা সংস্থা টিএনও দাবি করেছে, প্রচলিত পদ্ধতিতে মরদেহ কবর দেওয়া হলেও তা পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। মৃতদেহে পচন শুরু হলে তা থেকে মিথেনের মতো ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস উত্পন্ন হয়। অন্যদিকে, কাঠসহ ইস্পাত, তামা কিংবা ব্রোঞ্জের মতো ধাতব পদার্থ ব্যবহার করা হয় কফিনে। সব দিক বিবেচনা করে বলা যায়, ক্রায়োমেশন কোম্পানি যে পদ্ধতিটি আবিষ্কার করেছে, সেটিই সবচেয়ে ভালো উপায়।