‘আগামী সাত দিনের মধ্যে আমরা গাজীপুরের হাইটেক পার্কের কার্যাদেশ দেব বলে আশা করছি।’ উইটসা পুরস্কার পাওয়া উপলক্ষে গত বৃহস্পতিবার ঢাকার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। তিনি আরও বলেন, ‘এই পুরস্কার অর্জন দেশের প্রত্যেক মানুষের। লারনিং আরনিং নামে যে প্রকল্প শুরু হয়েছে, সেটার মাধ্যমে আমরা ৫৫ হাজার ফ্রিল্যান্সার তৈরি করব।’
প্রায় ৫০টির মতো দেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায় সংগঠনগুলোর আন্তর্জাতিক জোট উইটসার গ্লোবাল এক্সিলেন্স পুরস্কার পেয়েছে বাংলাদেশের তিনটি প্রতিষ্ঠান। পাঁচটি বিভাগের মধ্যে তিনটি বিভাগে এসেছে এ পুরস্কার। গত মাসে যুক্তরাষ্ট্রে উইটসার পুরস্কার পায় সরকারের আইসিটি বিভাগ, বাংলালিংক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সংবাদ সম্মেলনে আইসিটি সচিব শ্যামসুন্দর শিকদার বলেন, ‘বিসিএসকে অনেক ধন্যবাদ জানাই বাংলাদেশের জন্য এমন একটি পদক অর্জন করে দেওয়ার জন্য।’ বিসিএসের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ বলেন, ‘উইটসার সহযোগী সংগঠন হিসেবে সম্মেলনের আগে আমরা বাংলাদেশ থেকে তিনটি প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করেছিলাম। প্রস্তাবে তথ্য-উপাত্তের মাধ্যমে তুলে ধরেছিলাম প্রযুক্তির ছোঁয়ায় কীভাবে বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের উন্নয়ন ঘটাচ্ছে। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করছে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান ও বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমেদ।
সম্মেলন শেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে একটি সমঝোতা চুক্তি করে বাংলাদেশ কম্পিউটার সমিতি। এই চুক্তির আওতায় গবেষণা ও উন্নয়নের মাধ্যমে দেশের শিক্ষা খাত, ই-ব্যবস্থাপনা, আউটসোর্সিং, ই-বিজনেস এবং বিজনেস প্রসেসকে আরও শক্তিশালী করতে এই দুই প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করবে। —রাহিতুল ইসলাম