‘সাদা’ গন্ধ!
গবেষকেরা এতদিন কেবল সাদা রঙের কথাই বলেছেন। এবারে ইসরায়েলের গবেষকেরা জানালেন- সাদা রঙের মতই একধরনের সাদা গন্ধও বিদ্যমান।বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোর মিশ্রণে যেমন সাদা রঙের আলোর সৃষ্টি তেমনি, বিভিন্ন গন্ধের মিশ্রণে তৈরি হয় ‘অলফ্যাকটরি হোয়াইট’ বা ‘সাদা অনুভূতির গন্ধ’। সম্প্রতি লাইভ সায়েন্সের এক প্রতিবেদনে নতুন গন্ধের এ তথ্য জানানো হয়েছে।প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে গবেষকেরা জানিয়েছেন, এ সাদা গন্ধের অনুভূতি কেবল পরীক্ষাগারেই তৈরি করা সম্ভব। ইসরায়েলের ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স-এর স্নায়ুবিদ নোয়াম সোবেলের নেতৃত্বে একটি গবেষক দল ৪৩ রকম গন্ধের মিশ্রণ ঘটিয়ে এই ‘সাদা’ গন্ধ তৈরি করেছেন।গবেষকেরা জানিয়েছেন, প্রাত্যহিক গন্ধের সঙ্গে নতুন ধরনের এ গন্ধের কোনো মিল নেই। এই গন্ধ আবার কোনো ধরনের গন্ধের যৌগও নয়। প্রতিদিন নানা গন্ধ আমাদের স্নায়ু টের পায়, এ গন্ধের অধিকাংশ যৌগ বা ভিন্ন ভিন্ন গন্ধের মিশ্রণে তৈরি। বিভিন্ন গন্ধের পার্থক্য বুঝতে পারলেও গন্ধ আলাদা ভাবে শনাক্ত করা একটু কঠিনই বটে। যেমন- গোলাপ ফুলের গন্ধ আর কফির গন্ধ আলাদাভাবে চিহ্নিত করা গেলেও এর উপাদানগুলোর গন্ধ আলাদা করা সম্ভব হয় না।গবেষকেদের দাবি, অলফ্যাকটরি হোয়াইট গন্ধটি অনন্য। গোলাপ ফুল বা কফির গন্ধের মতই সাদা একটি গন্ধ। এটি মানুষের মস্তিষ্কে আনকোরা নতুন এক ধরনের গন্ধের অনুভূতি সৃষ্টি করে, যার সঙ্গে পৃথিবীর কোনো গন্ধের মিল নেই। সাদা গন্ধ নাকে গেলে কেমন লাগতে পারে? গবেষকেরা এ গন্ধ পরীক্ষা করতে যাদের ডেকেছিলেন তাঁদের মন্তব্য হচ্ছে- এমন গন্ধ তাঁরা আগে কখনও পাননি। মৃদু আর কোমল একটা গন্ধের অনুভূতি তৈরি করে ‘সাদা’ এই গন্ধটি।