‘সারফেস’-এর অগ্নিপরীক্ষা! (ভিডিও)
নতুন ‘সারফেস’ ট্যাবলেট নিয়ে বিপাকে পড়তে পারে মাইক্রোসফট। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, আইপ্যাড-‘ঘাতক’ হতে হলে যে বৈশিষ্ট্যগুলো থাকার প্রয়োজনীয়তা ছিল, বাস্তবে তা ‘সারফেসে’ নেই। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।সারফেস নিয়ে বাজারে মাইক্রোসফটকে পরীক্ষার মুখে পড়তে হবে বলেই ভবিষ্যদ্বাণী করেছেন বিশ্লেষকেরা।যুক্তরাষ্ট্রের জেফরিস অ্যান্ড কোম্পানির প্রযুক্তি বিশ্লেষক পিটার মিসেক বলেছেন, ‘আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আসতে হলে মাইক্রোসফটকে বড় ধরনের ধাক্কা সামলাতে হবে। কারণ এর দাম, চাহিদা ও ক্রেতাদের পছন্দের সঙ্গে সামঞ্জস্যতার অভাব। অনেক চমকের প্রয়োজন ছিল। কিন্তু মাইক্রোসফট সে চমক সারফেসে রাখতে পারেনি।’সারফেস ট্যাবলেটের দুটি সংস্করণ বাজারে আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এর একটি হবে এআরএম প্রসেসর-নির্ভর উইন্ডোজ আরটি সংস্করণ। আরেকটি ইনটেল-নির্ভর উইন্ডোজ ৮ প্রো-সংস্করণ। কিন্তু এই দুটি সংস্করণই ক্রেতাদের ধন্দে ফেলবে। ট্যাবলেটগুলোর দাম হবে আইপ্যাডের কাছাকাছি। প্রায় ৬০০ ডলার দামের সারফেস ট্যাবলেটের দাম যদি ২০০ ডলারের মধ্যে রাখা যেত, তবেই আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হতো বলে ধারণা করছেন বাজার-বিশ্লেষকেরা। উদাহরণ হিসেবে বিশ্লেষকেরা জানিয়েছেন, সারফেসের মতো আইপ্যাড-ঘাতক হতে গিয়ে এইচপির টাচপ্যাড, রিমের ব্ল্যাকবেরি প্লেবুক, মটোরোলার জুম ট্যাবলেটগুলো টিকতে পারেনি।এদিকে এক খবরে ফোর্বস জানিয়েছে, মাইক্রোসফট নিজস্ব ব্র্যান্ডের উইন্ডোজ ট্যাবলেট আনায় ডেল আর এইচপি ভবিষ্যতে উইন্ডোজনির্ভর ট্যাবলেট তৈরি করতে নাও পারে। ট্যাবলেট নির্মাতা প্রতিষ্ঠান এসারও সারফেস-এর ঘোষণা দেওয়ায় উইন্ডোজনির্ভর ট্যাবলেট তৈরি থেকে পিছু হটতে পারে। তবে এসারের প্রধান নির্বাহী জিয়ানফ্রাঙ্কো ল্যান্সি ধারণা করছেন, মাইক্রোসফট সম্ভবত সারফেস ট্যাবলেট বাজারে আনার পর খুব বেশিদিন এ ব্যবসায় থাকবে না। উইন্ডোজনির্ভর অন্যান্য প্রতিষ্ঠানের ট্যাবলেটগুলোকে বাজারে পরিচিতি দিতেই মাইক্রোসফটে সারফেসের এই পরিকল্পনা করেছে। এটা মাইক্রোসফটের একটি প্রচারণার কৌশল মাত্র।